রোবেনের হতাশা
ম্যাচের ৮৩ মিনিটের সময় তাঁকে তুলে নিলেন কোচ বার্ট ফন মারউইক। কোচের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি ডাচ প্লে-মেকার আরিয়েন রোবেন। মাঠ থেকে উঠে যাওয়ার পর তাই কোচ তো দূরের কথা, সতীর্থদের সঙ্গেও কুশলাদি বিনিময় করেননি তিনি। মাঠ থেকে বেরিয়ে হন করে হেঁটে সোজা চলে যান ড্রেসিং রুমে। যাওয়ার আগে মাঠের বিজ্ঞাপনী হোর্ডিংয়ে আঘাত করে প্রকাশ করেছেন নিজের হতাশা ও বিরক্তি।পুরো ম্যাচে কিন্তু নিজের দায়িত্বটা দারুণভাবেই পালন করেছেন তিনি। নিজের বল-প্লেয়িং সামর্থ্যের প্রায় পুরোটা ঢেলে দিয়েই বারবার জার্মান রক্ষণ-ব্যূহকে কাঁপিয়ে দিচ্ছিলেন তিনি। প্রথমার্ধে স্ট্রাইকার রবিন ফন পার্সিকে বাড়িয়েছিলেন দুর্দান্ত এক থ্রু। সেই থ্রু থেকে ফন পার্সি গোল করতে পারলে অবশ্য ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।ম্যাচের সাত মিনিট বাকি থাকতে রোবেনকে উঠিয়ে নেন কোচ মারউইক। ডির্ক কিউয়েটকে মাঠে নামিয়েছিলেন তিনি। তবে কিউয়েটের জন্য মাঠে নেমে সাত মিনিটের মধ্যে দারুণ কিছু করে দেখানো আর সম্ভব হয়নি। রোবেনের হতাশার কারণটি ওখানেই। পুরো খেলাই যখন তিনি খেললেন আর সাত মিনিট খেলতে কি ক্ষতি ছিল? নিদেনপক্ষে কিছু করার চেষ্টা তো করতে পারতেন। বায়ার্ন মিউনিখের এই প্লে-মেকারের হতাশাটা অমূলক নয়। তবে হতাশা প্রকাশ করতে গিয়ে এখন তাঁকে কোনো শাস্তির শিকার হতে হয় কি না, দেখার বিষয় এটাই। তবে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি অভিনন্দন পেয়েছেন ডাচ-সমর্থকদের কাছ থেকে। তাঁরা করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ম্যাচের অন্যতম সেরা তারকাকে।দলের পরাজয়ের হতাশায় রোবেন সান্ত্বনা খুঁজে নিতে পারেন এখান থেকেই। ওয়েবসাইট।