রোবেনের 'অদ্ভুতুড়ে অধ্যবসায়'

অন্য কোনো খেলোয়াড় হলে চিন্তাটা মাথা থেকে ঝেড়েই ফেলতেন। কিন্তু আরিয়েন রোবেন তা করেননি। আর এ জায়গাতেই অন্যদের সঙ্গে এই ডাচ ফরোয়ার্ডের পার্থক্য!
গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডান দিক দিয়ে বক্সের ভেতর ঢুকে তিনি বাঁ পায়ের শটে যে দুর্দান্ত গোলটি করেছেন, সে প্রসঙ্গেই এ কথা বলা হচ্ছে। গোলটি হওয়ার আগে বেশ কয়েকবারই রোবেন চেষ্টা চালিয়েছিলেন ঠিক একইভাবে। কিন্তু ব্যর্থ হচ্ছিলেন বারবার। কিন্তু চীনে জোঁকের মতো লেগে থেকে শেষ পর্যন্ত তিনি সফল। পৃথিবীতে খুব কম ফুটবলারই রোবেনের মতো এমন অদ্ভুতুড়ে অধ্যবসায়ের চর্চা করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও আজ আলাদাভাবেই তুলে ধরেছে রোবেনের এই অধ্যবসায়ের কথা। রয়টার্সের সংবাদদাতা যেমন লিখেছেন, ‘ব্যাপারটি অনেকটা যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন রোবেন। অন্য কোনো খেলোয়াড় হলে কয়েকবার ব্যর্থ হওয়ার পর ওভাবে গোল করার আশা মাথা থেকেই সরিয়ে রাখত।’
এসব নিয়ে অবশ্য একেবারেই কোনো ভাবনা নেই রোবেনের। দারুণ এই গোলের পরও অন্য রকম কোনো প্রতিক্রিয়া নেই এই ডাচ ফরোয়ার্ডের মধ্যে, ‘প্রথমার্ধে আমরা ভালো খেললেও দ্বিতীয়ার্ধের ভুল আমাদের বিপদে ফেলে দিয়েছিল।’
খুব দ্রুত সমতায় ফিরে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেওয়াতেও রোবেনের কণ্ঠে ঝরেছে স্বস্তি, ‘দ্রুত সমতায় ফেরাটা ছিল স্বস্তির। পরে দুটো গোল করে আমরা ম্যাচটা জিতেছি। আমরা ম্যাচটি জিততেই চেয়েছিলাম। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট ছিল বিপর্যয়কর।’
সেমিফাইনালে পৌঁছে গেলেও বায়ার্নের মূল লক্ষ্য যে লিসবনের ফাইনাল, সেটা ম্যাচ শেষে জানিয়ে দিয়েছেন সোজা-সাপটাই, ‘যদিও এখনো সেমিফাইনালে সম্পূর্ণ নতুন একটি প্রতিপক্ষের বিপক্ষে দুটো খেলা বাকি, তার পরও আমাদের লক্ষ্য ফাইনাল। তবে এটা সত্য সেমিফাইনালে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’