রোবেনের ‘ভয়াবহ’ রাত
মানুষ বাক্যহারা হয় কখন? সম্ভবত দুটি মুহূর্তে—আনন্দের আতিশয্যে আর তীব্র শোকে। আরিয়েন রোবেন এখন কোন দলে, সহজেই অনুমেয়। ডাচ উইঙ্গারের হতাশার যেন শেষ নেই, খুঁজে পাচ্ছেন না কষ্ট প্রকাশের ভাষা। অতিরিক্ত সময়ের ৫ মিনিটেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি মিস করে উল্টো হয়ে গেলেন খলনায়ক!পেনাল্টিটা পাওয়ার পর মাঠেই বায়ার্নের ছোটখাটো একটা মিটিংমতো হয়ে গেল। শেষমেশ আস্থা রাখা হলো দলের নিয়মিত পেনাল্টি নেওয়া রোবেনের ওপরই। কিন্তু চিরবিশ্বস্ত বাঁ পা এবার প্রতারণা করল। শটটা যেমন নিতে চেয়েছিলেন, তেমন হলো না। চেলসি গোলরক্ষক চেক তা ঠেকিয়ে দিলেন। শেষ বাঁশি বাজার পর ক্যামেরা খুঁজে পেল রোবেনকে। মুণ্ডিত মস্তকে তাঁর দুই হাত। গাল বেয়ে অশ্রু পড়েনি, তবে চোখ ঠিকই ছলছল করছিল। দৃষ্টিতে শূন্যতা, মুখে বেদনার আঁকিবুঁকি।হতাশার অনুভূতিগুলোকে ভাষা দেওয়ার চেষ্টা করলেন পরে, ‘ভাষায় বোঝাতে পারব না কেমন লাগছে, ভয়াবহ এক রাত এটি। ম্যাচে দু-তিনবার মনে হয়েছে, কাপটা বুঝি হাতে চলে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাওয়া হলো না।’ কোনো অজুহাত অবশ্য দেননি রোবেন। স্বীকার করে নিয়েছেন নিজের ব্যর্থতা, ‘পেনাল্টি শটটা মোটেও ভালো ছিল না। চেয়েছিলাম, তীব্র গতিতে উঁচু করে গোলে শট নিতে, কিন্তু বল প্রত্যাশামতো উঁচুতে উঠল না। ভয়াবহ একটি পেনাল্টি। এর পরেও আমি ভালো খেলে গেছি, কিন্তু ওই সময় দ্রুত মানসিক অবস্থা পরিবর্তন করতে হয়েছে।’ম্যাচ শেষে মাঠেই বায়ার্নের ‘খলনায়ক’কে সান্ত্বনা দিয়েছেন চেলসির নায়ক দ্রগবা; সান্ত্বনা দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিও। কিন্তু কোনো সান্ত্বনাই যেন যথেষ্ট নয় রোবেনের জন্য, ‘এটা দারুণ যে দ্রগবা ও প্লাতিনি আমাকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন; কিন্তু কিছুই যথেষ্ট নয়। কাপটা আমি পেতে চেয়েছিলাম, কিন্তু পেলাম না।’ ওয়েবসাইট।