রোবোক্রাউচ আসছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ মে দিনটার দিকে সাগ্রহে তাকিয়ে থাকবেন পিটার ক্রাউচ। এদিনই বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার, ইংল্যান্ডের পক্ষে খেলা সবচেয়ে লম্বা ফুটবলারটির নাম তাতে থাকছে তো?গত জানুয়ারিতে ৩০-এ পা দেওয়া এই স্ট্রাইকারের পড়ন্ত বেলাই দেখছিলেন অনেকে। আরও অনেক ফুটবলারের মতো, ক্যারিয়ারের শুরু আর শেষটাকে একবিন্দুতে মিলিয়ে নিতে ক্রাউচ ফিরে এলেন তাঁর প্রথম ক্লাব টটেনহাম হটস্পারে। কিন্তু শেষবেলাতে এসেই যেন নিজের সেরা সময়টা ফিরে পেলেন। জাতীয় দলেও এতটাই ভালো খেলছেন, ক্যাপেলো পড়েছেন মধুর সমস্যায়। বিশ্বকাপে আক্রমণভাগে ওয়েইন রুনির সঙ্গী হিসেবে প্রথম পছন্দ কে হবেন? ক্রাউচ, নাকি তাঁর টটেনহাম-সতীর্থ জারমেইন ডিফো?লিগে ২৬ ম্যাচে ১৬ গোল করা ডিফো তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে মৌসুমে তাঁর গোল ৩৪ ম্যাচে ২২টি। এই পরিসংখ্যানে ক্রাউচ পিছিয়ে পড়ছেন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ডিফোর চেয়ে বিস্তর এগিয়ে ক্রাউচই। ডিফো যেখানে ৩৯ ম্যাচে করেছেন ১১ গোল, তাঁর চেয়ে দুটো ম্যাচ কম খেলেই ৯টি গোল বেশি আছে ক্রাউচের।তার চেয়েও বড় কথা, ইংল্যান্ডের হয়ে গত তিন ম্যাচে চারটি গোল আছে ক্রাউচের। সর্বশেষ মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছেন জোড়া গোল। বিনয়ী ক্রাউচ অবশ্য ডিফোর সঙ্গে সরাসরি লড়াইয়ে যেতে নারাজ, ‘বেশ কয়েকটা গোল পেয়েছি, এটা দুর্দান্ত। আমাকে নিয়ে কোচ অবশ্যই ভাবতে বাধ্য হবেন। তবে আক্রমণভাগে সামনে একজনকে খেলাতে চাইলে সেটি অবশ্যই হবে ওয়েইন রুনি। কিন্তু যদি দুজনকে খেলাতে চান, সে ক্ষেত্রে জায়গাটা নেওয়ার একটা সুযোগ আমার থাকছে বৈকি। তবে আপনারা জানেনই, আমাদের দলে অনেক ভালো ভালো স্ট্রাইকার, যারা জায়গা পেতে উন্মুখ। আমিও তাদের একজন।’ক্রাউচ যতই বিনয় দেখান, ক্যাপেলোর সেই সুযোগ নেই। ৩০ মের মধ্যে আরও কঠোর তাঁকে হতেই হবে। মিসরের বিপক্ষে ম্যাচটায় প্রথম ৪৫ মিনিট সুযোগ পেয়েও ডিফো তেমন কিছু করে দেখাতে পারেননি। আর ডিফোর বদলি হিসেবে নেমে ১০ মিনিটেই সমতা ফিরিয়েছেন ক্রাউচ। ৩-১ গোলের জয়ের তৃতীয় গোলটিও তাঁর।ক্রাউচকে প্রথম একাদশেই খেলানো হোক—এই দাবিটা তাই জোরাল হচ্ছে। কোচ নিজে কী বলছেন? ‘ক্রাউচ আমার জন্য বড় একটা অপশন। বিশেষ করে লম্বা পাসের খেলায় ও খুবই কার্যকর। আজ (মিসরের বিপক্ষে ম্যাচে) কিন্তু আমরা ছোট পাসে খেলেছি। ও এক-দুই টাচে দারুণ খেলেছে। দ্বিতীয়ার্ধে ওই তো ব্যবধানটা গড়ে দিল’—বুধবার প্রীতি ম্যাচ শেষে বলেছেন ক্যাপেলো।সুটকেসটা গুছিয়ে রাখতে পারেন ক্রাউচ। আর আপনিও প্রস্তুতি নিন দক্ষিণ আফ্রিকায় ‘রোবোটিক ড্যান্স’ দেখার জন্য। ‘রোবোক্রাউচ’ আসছেন! এএফপি।