লিগ শিরোপার লড়াইটাকে আরও একপেশে বানিয়ে ফেলল বার্সেলোনা। পরশু নিজেদের মাঠে মেসি-ভিয়ার যুগলবন্দীতে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। মেসি করেছেন জোড়া গোল। ভিয়া একটি। মেসির দুটো গোলই ভিয়ার পাসে, তেমনি ভিয়ার গোলটিও বানিয়ে দিয়েছেন মেসিই।২৫ মিনিটে মেসির পাস খুঁজে পায় ভিয়াকে। ভিয়া ভুল করেননি। তাঁর বাড়ানো বলেই ৪০ ও ৫৭ মিনিটে মেসির ২ গোল। লিগে টানা ১৮ ম্যাচে গোল পেলেন মেসি, তাঁর মোট গোল ৪২টি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আবার ১৩-তে এগিয়ে গেল বার্সেলোনা। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৪, রিয়ালের ৬১। বার্সেলোনা শিরোপা উৎসবটা এখন শুরু করেই দিতে পারে!ইউরোপের অন্য তিনটি বড় লিগেও এবার শিরোপা লড়াইটা ম্যাড়মেড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালির সিরি ‘আ’, জার্মানির বুন্দেসলিগায় রোমাঞ্চ যদি কিছু থাকে, তা শুধু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানের লড়াই নিয়ে! বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শিরোপাটা একরকম নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ব্যাভারিয়ান ক্লাবটি ২০ পয়েন্টে এগিয়ে। লিগে বাকি আর মাত্র ৮ ম্যাচ।ইংল্যান্ডে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ১৫ পয়েন্টে। বাকি আছে ৯ ম্যাচ। অন্যদের কথা কী বলবেন, ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনই বলে দিয়েছেন, শিরোপা এবার তাদেরই হচ্ছে! ইতালিতে শিরোপা লড়াইটা এতটা একপেশে হয়তো নয়। তবে ৯ ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে থাকা জুভেন্টাসের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়াটা অন্যদের জন্য কঠিনই হবে। সেই পথে পরশু দারুণ এক জয় পেয়েছে জুভেন্টাসের প্রধান প্রতিদ্বন্দ্বী নাপোলি। এডিনসন কাভানির জোড়া গোলে নাপোলি ৩-২ গোলে জিতেছে আটলান্টার বিপক্ষে। অন্য ম্যাচে ফ্রান্সেসকো টট্টির আরেকটি জাদুতে রোমা ২-০ গোলে হারিয়েছে পার্মাকে। দর্শনীয় ব্যাকহিলে দলের প্রথম গোলটি করিয়েছেন এরিক লামেলাকে দিয়ে। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে টট্টি নিজেই করেছেন অসাধারণ এক গোল। এই গোলেই রোমার ‘সম্রাট’ সুইডিশ কিংবদন্তি গানার নরডালকে টপকে এখন সিরি ‘আ’র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। সামনে শুধুই সিলভিও পিওলা।ইংল্যান্ডে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও এডিন হ্যাজার্ডের গোলে চেলসি ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। দলের প্রথম গোলটি করে ল্যাম্পার্ড ছুঁয়েছেন চেলসির হয়ে ২০০তম গোলের মাইলফলক। এই জয়ে টটেনহামকে (৫৪) টপকে তিন নম্বরে উঠেছে চেলসি (৫৫)। টটেনহামের মাঠে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ফুলহাম। এএফপি, রয়টার্স।