রোমাঞ্চ নিয়ে ফ্রান্স যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ব্রিজ সংস্থার ওয়েবসাইটে ঢুঁ মারলেই চোখে পড়বে ক্ষণগণনা। দুয়ারে কড়া নাড়ছে ব্রিজ বিশ্বকাপ। চলছে সেটারই ক্ষণগণনা। ১২-২৬ আগস্ট ফ্রান্সের লিঁওতে বসছে ৪৩তম ব্রিজ বিশ্বকাপের আসর। ২২ দলের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বিশ্বকাপ বলে কথা! যাওয়ার আগে খেলোয়াড়দের মনে তাই রোমাঞ্চ। বিশ্বকাপ উপলক্ষে কাল জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রিজ ফেডারেশন। সেখানেই দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বললেন খেলোয়াড়েরা।

গত এপ্রিলে দুবাইয়ে বাছাইপর্বে দক্ষিণ এশিয়ান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে (চতুর্থ জোন) ১২ দলের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট মিলেছে সেই সুবাদেই। ছয় সদস্যের বাংলাদেশ দলে আছেন শাহ জিয়াউল হক, আসিফুর রহমান রাজীব, রাশেদুল ইসলাম নাঈম, কামরুজ্জামান সোহাগ ও সাজিদ ইস্পাহানি। খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে কাল প্রত্যেকের হাতে এক লাখ করে টাকা তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এর আগে বাংলাদেশ ক্রিকেট, কাবাডি ও রোলবল বিশ্বকাপে খেলেছে। দাবাতে খেলেছে অলিম্পিয়াড, যেটিকে বিশ্বকাপই বলা যায়। ব্রিজও এতে যোগ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত দলের অন্যতম খেলোয়াড় শাহ জিয়াউল হক, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাছাই খেলে আসছি। কিন্তু আগে কখনো কোয়ালিফাই করিনি। এবার চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ার পর অন্য দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখেছি। ওরা আমাদের অনেক সমীহ করেছে। প্রথম বিশ্বকাপে খেলব, ভাবতেই ভালো লাগছে।’

বিশ্বকাপের ২২ দলের মধ্যে বাংলাদেশ ও গুয়াডেলোপ ছাড়া বাকি সব দলের খেলোয়াড়েরাই পেশাদার। বাংলাদেশ দলের কোচ মুশফিকুর রহমান তাই বাস্তবতার জমিনেই পা রাখছেন, ‘প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে খেলব। অন্তত দু-চারটি জয় পেলেই আমরা সন্তষ্ট।’

সেই খুব বেশি চাওয়া নয়। কারণ, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে বলে বাংলাদেশ ২১টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেরা আটটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।