মহেন্দ্র সিং ধোনির বয়স তখন দুই ছুঁই-ছুঁই। অমিত মিশ্রর সাত মাস। এই চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলের বাকি ১৩ জনের জন্মই হয়নি। জন্ম হয়নি ডোয়াইন ব্রাভোরই। ক্রিস গেইলের বয়স মাত্র তিন বছর, পৃথিবীতে আবির্ভাব ঘটেনি ওয়েস্ট ইন্ডিজ দলের ১০ জনেরই। বলা হচ্ছে, ১৯৮৩ সালের ২৫ জুনের কথা। সর্বশেষ যখন ইংল্যান্ডের মাটিতে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে আগের দুবারের চ্যাম্পিয়ন ও তখন প্রায় অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের ওই দিনটি সম্ভবত ভারতের ক্রিকেট ইতিহাসেরই স্মরণীয়তম। সেদিন কপিল দেব ও ক্লাইভ লয়েডের পর আজই প্রথম ইংল্যান্ডে টস করতে নামছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক—ধোনি ও ব্রাভো। এবার বিশ্বকাপ নয়, তবে লড়াই বিশ্বমঞ্চেই। ফাইনালের মতো মহারণ যদিও নয়, তবে টুর্নামেন্টের আলোকে গুরুত্ব যথেষ্টই। জয় মানে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাওয়া।
পেশাদারি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ অবশ্যই থাকছে। তবে সেই ঝাঁজ কতটা তীব্র হবে, সেই সংশয় যথেষ্টই আছে। আইপিএলের সৌজন্যে দুই দলের ক্রিকেটারদের পরস্পরের নাড়ি-নক্ষত্রও জানা। দুই অধিনায়কের কথাই ধরুন। ধোনি আর ব্রাভো তো প্রতিপক্ষের চেয়ে সতীর্থ হিসেবেই একে অন্যকে বেশি চেনেন! চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনির বড় ভরসার জায়গা এই ব্রাভো, এবারই যেমন সবচেয়ে বেশি উইকেট নিয়ে আইপিএলের ফাইনালে তুললেন চেন্নাইকে। আরেকটা ছোট্ট পরিসংখ্যানও যোগ করা যেতে পারে, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ২৩টি ম্যাচ খেলেছেন ব্রাভো। আর ধোনির সঙ্গে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ৪৭ ম্যাচ! অধিনায়ক ছাড়াও এই উইন্ডিজ দলের বড় সব তারকা গেইল-নারাইন-স্যামুয়েলস-পোলার্ড-স্যামি-রামপলরা খেলেন আইপিএলে।
তবে আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন দুনিয়া। ডোয়াইন ব্রাভো তাই ‘বন্ধুত্ব’ ভুলে একটা হুংকারই ছুড়েছেন। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭০ রানে বেঁধে ফেলেও জয় এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওই জয়টাই তবু বিশ্বাস জোগাচ্ছে উইন্ডিজ অধিনায়ককে, ‘গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি। উইকেট আটটি হারালাম না নয়টি, এটি ব্যাপার নয়। দুটি পয়েন্ট আমরা পেয়েছি। আরেকটা কঠিন লড়াই মঙ্গলবার। এমন এক দলের বিপক্ষে, যাদের মূল শক্তি ব্যাটিং। তবে ওদের ব্যাটিংকে সামাল দেওয়ার মতো বোলিং আক্রমণ আমাদের আছে।’
ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২৬ রানে। এই ব্যবধান যা বলছে, জয়টি ছিল এর চেয়ে অনেক সহজ। ব্রাভো যেমন বলছেন, ব্যাটিংটা সত্যিই দুর্দান্ত হচ্ছে ভারতের। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার ৩৩৩ তাড়া করে জিতেছে অনায়াসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ৫ উইকেট হারিয়েও ছাড়িয়েছে তিন শ। মূল টুর্নামেন্টেও প্রথম ম্যাচে ৩৩১। ধাওয়ান-রোহিতের নতুন উদ্বোধনী জুটি গড়ে দিয়েছিল ১২৭ রানের ভিত্তি। কোহলি-ধোনি-রায়না সবারই সামর্থ্য আছে ব্যাটে ঝড় তোলার। ব্যাটে-বলে রবীন্দ্র জাদেজার ফর্ম দলকে দিয়েছে ভারসাম্য।
প্রথম ম্যাচে ক্যাচ ফেলে দিয়েও তা ধরার দাবি করায় দিনেশ রামদিন পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। আজ তাই ওয়েস্ট ইন্ডিজের কিপিং গ্লাভস পড়বেন ওপেনার জনসন চার্লস। হয়তো একাদশে ফিরবেন ড্যারেন স্যামি। এ ছাড়া দুই দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। ওভালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শুরুতে সুইং পেয়েছে পেসাররা, পরে স্পিনাররা পেয়েছে টার্ন। ক্রিকেটামোদীরা আজও অমন উইকেটই চাইবেন। দুই দলের পেসাররাই আছেন দারুণ ফর্মে। স্পিনে ভারতের আছে অশ্বিন-জাদেজা, উইন্ডিজের নারাইন-স্যামুয়েলস। দুই দলের ব্যাটিং লাইনআপেই বিস্ফোরক সব ব্যাটসম্যান। সবকিছু মিলিয়ে রোমাঞ্চকর একটা ম্যাচের প্রতিশ্রুতিই মিলছে। সূত্র: ওয়েবসাইট।