রোমাঞ্চকর ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের জয়ের স্বপ্ন কেড়ে নেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা ভিলিয়ার্সের, ম্যাচ সেরা তাই তিনি। ছবি: সৌরভ দাশ
ইংল্যান্ডের জয়ের স্বপ্ন কেড়ে নেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা ভিলিয়ার্সের, ম্যাচ সেরা তাই তিনি। ছবি: সৌরভ দাশ

টি-টোয়েন্টির আরেকটি আদর্শ ম্যাচের উদাহরণ মিলল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকার ১৯৭ রানের লক্ষ্যকে তাড়া করে ক্ষণে ক্ষণে ইংল্যান্ডের জয়ের সম্ভবনা জাগলেও শেষ অবধি তা বাস্তবে রুপ নিল না। ইংলিশরা হারলো ৩ রানে। এতে সেমিফাইনালে পা দিল প্রোটিয়ারা।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে হাশিম আমলার শিল্পিত আগ্রাসন আর এবি ডি ভিলিয়ার্সের এলোপাতাড়ি শটের প্রদর্শনীতে দক্ষিণ আফ্রিকা তোলে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর, ১৯৬। ব্রডের বলে আউট হওয়ার আগে আমলার সংগ্রহ ৫৬। ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৬৯ রানে। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ১৯৬।
কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া ম্যাচে উড়ন্ত সূচনা করেছিল ইংল্যান্ডও। তবে রাশ টেনে ধরেন ওয়েইন পারনেল। ইংল্যান্ডের লড়াইয়ের চিত্র দেখে মনে হবে, ‘দশে মিলে করি কাজ’। সব ইংলিশ ব্যাটসম্যানই ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে সর্বোচ্চ এসেছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসের ব্যাট থেকেই। পারনেলের শিকার হওয়ার আগে এসেছে ৩৮। শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২২। কিন্তু তুলতে পারল ১৮। হারতে হলো ৩ রানে। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পারনেল। ম্যাচ সেরা ভিলিয়ার্স।