রোমাঞ্চকর শেষ দিনের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ১৭০ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একসময় ২ উইকেটে ৭৩। সেখান থেকে শোয়েব আখতারের আগুন ঝরানো বোলিংয়ে (৬/৩০) নিউজিল্যান্ড অলআউট ১০৩ রানে। শোয়েব, নিউজিল্যান্ডের লিড—নিশ্চয়ই এলোমেলো লাগছে!লাগারই কথা, বলা হচ্ছে এই মাঠেই দুদলের ২০০৩ সালের বক্সিং ডে টেস্টের কথা। প্রেক্ষাপটে মিল না থাকলেও সাত বছর আগের বেসিন রিজার্ভের সঙ্গে এবারের বেসিন রিজার্ভ মিলে যাচ্ছে শেষে এসে। ওই ম্যাচের মতো এবারও জয়ের জন্য চতুর্থ ইনিংসে পাকিস্তানের প্রয়োজন ২৭৪। সেবার ৭ উইকেটে জিতে সিরিজও জিতে নিয়েছিল পাকিস্তান, এবার?কাজটা সহজ হবে না মোটেও। সাত বছর আগের ওই টেস্টের সঙ্গে বড় একটা পার্থক্য আছে। সেবার রান তাড়া করার কাজটা চতুর্থ দিনেই প্রায় সেরে নিয়েছিল পাকিস্তান, শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। কিন্তু এবার পুরোটাই করতে হবে শেষ দিনে। উইকেট যেমনই হোক, টেস্টের শেষ দিনে ২৭৪ রান তাড়া করা সহজ নয়। সেখানে কাল বিকেলে রেহমান-হাফিজরা যেভাবে বল টার্ন করালেন, তাতে আশার আলো দেখতেই পারেন ভেট্টোরি। একটি-দুটি বড় জুটি হলেই আবার ম্যাচ হেলে পড়বে পাকিস্তানের দিকে। ড্রয়ের সম্ভাবনা তো আছেই—ওয়েলিংটনে আজ তাই সম্ভব তিনটি ফলাফলই। পাকিস্তানের পক্ষে অবশ্য আছে আরেকটা ইতিহাস। এই মাঠে ৮ টেস্ট খেলে হারেনি একটিও!দিনটা যেভাবে শুরু করেছিল, তাতে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কালই শেষ করে দিতে পারত নিউজিল্যান্ড। প্রথম সেশনের ২৫ ওভারেই ৯৭ রান তুলেছিলেন দুই ওপেনার ম্যাককালাম ও গাপটিল। দুবার জীবন পেয়ে ম্যাককালাম সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেন ৭৬ বলে। তবে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়ে লাঞ্চের পরপর ম্যাককালামের বিদায়ে কমে আসে রানের গতিও। ৪৬ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়তে গাপটিল-উইলিয়ামসনের লেগে যায় ১৭ ওভার! পরপর দুই ওভারে এই দুজনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি রাইডার-ফ্রাঙ্কলিনও। দ্রুত রান তুলে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া তো দূরের কথা, ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে উল্টো বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে টেলর-ইয়াংয়ের ৬০ রানের জুটিতে কিছুটা রক্ষা হয়। ৮০ ওভার পুরোনো বলে বিষাক্ত রিভার্স সুইংয়ে কিউইদের লেজটা ছেঁটে দেন উমর গুল। তৈরি করে দেন রোমাঞ্চকর শেষ দিনের প্রেক্ষাপট।চাইলে সাত বছর আগের সেই জয়ের কথা শুনিয়ে সতীর্থদের উদ্বুদ্ধ করতে পারেন তৌফিক উমর। সেই পাকিস্তান দলের একমাত্র তিনিই যে আছেন এই ম্যাচে! তবে শুধু গল্প শুনিয়ে নয়, ইতিহাসের পুনরাবৃত্তি করতে হলে ব্যাট হাতেও বড় ভূমিকা রাখতে হবে তৌফিককে। মোহাম্মদ হাফিজকে নিয়ে আজ রান তাড়ার শুরুটা তো তিনিই করবেন। তথ্যসূত্র: নিও ক্রিকেট।সেঞ্চুরি জুটিম্যাককালাম-গাপটিলের ১২০ গত ছয় বছরে নিউজিল্যান্ডের মাত্র দ্বিতীয় শতরানের উদ্বোধনী জুটি।