রোমাঞ্চকর শেষের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃপ্তি না অতৃপ্তি—রিকি পন্টিংয়ের কোনটা বেশি হবে, বলা মুশকিল। বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে বড় কলঙ্ক ভারতের মাটিতে রান না পাওয়ার দুঃখ কিছুটা হলেও ঘুচিয়েছেন এই সফরে। চার ইনিংসের তিনটিতেই খেললেন সত্তরোর্ধ্ব ইনিংস। তবে হতাশাটাও এখানেই, তিনবার সত্তরে আউট হওয়া মানে তো তিনটি সেঞ্চুরি মিসও! আগের দুটি ইনিংসের মতো কালও আউট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেলেছেন দারুণ। কিন্তু জহির খানের রিভার্স সুইংয়ে শেষ হয়েছে ভারতের মাটিতে পন্টিংয়ের সম্ভাব্য শেষ টেস্ট ইনিংস।অস্ট্রেলীয় অধিনায়কের আউট ম্যাচটিকে দাঁড় করিয়েছে রোমাঞ্চকর এক মোড়ে। ৩ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার রান ২০২, প্রথম ইনিংসে ১৭ রানে পিছিয়ে থাকায় লিড ১৮৫ রানের। শেষ দিন, উইকেটের অসমান বাউন্স, ম্যাচের পরিস্থিতি সব মিলিয়ে মোহালির মতো শ্বাসরুদ্ধকর সমাপ্তিই হয়তো অপেক্ষা করছে চিন্নাস্বামীতেও।নাটক যথেষ্ট হয়েছে কালও। আগের চার দিন প্রথম সেশনে উইকেট পড়েনি একটিও। কাল শচীন টেন্ডুলকারের প্রত্যাশিত ডাবল সেঞ্চুরিটির পর ঝটপট পড়ে গেল ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের উদ্বোধনী জুটির পরও অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়েছে ১৮৫ রানে। ম্যাচের প্রথম তিন দিনে উইকেট পড়েছে ১৫টি, কাল এক দিনেই ১২টি!১৯১ রান নিয়ে দিন শুরু করা টেন্ডুলকার কাঙ্ক্ষিত ২০০ ছুঁয়েছেন দিনের ষষ্ঠ ওভারের প্রথম বলে। ১৯৯ থেকে হিলফেনহসের বল পয়েন্টে ঠেলেই একটি রান চুরি করে ছুঁয়ে ফেললেন ২০০, ছুঁলেন আরেকটি রেকর্ড। বীরেন্দর শেবাগের সঙ্গে যৌথভাবে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয়টি ডাবল সেঞ্চুরি এখন লিটল মাস্টারের। এ বছর এটি তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ২১তম বছরে রান ৯৩.৬১ গড়ে ১২১৭। পিটার জর্জকে প্রথম টেস্ট উইকেট উপহার দিয়ে টেন্ডুলকার ফিরে আসার পর হুড়মুড় করে ভেঙে পড়ে ভারতীয় ইনিংসটাও। শেষ ৫ উইকেট পড়েছে ৯ রানে। বেদম প্রহার হজমের পর নাথান হরিজের কপালে জুটেছে সান্ত্বনার দুটি উইকেট।পেসারদের দারুণভাবে সামলে আরও একবার অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দিয়েছিলেন ওয়াটসন-ক্যাটিচ। কিন্তু স্পিন আসার পর রানের গতিতে বাধ দেওয়ার পাশাপাশি উইকেটও পড়েছে টপাটপ। একপাশে ভরসা হয়ে থাকা পন্টিংও ফিরে গেছেন দিনের খেলা শেষের মিনিট পনেরো আগে। আজ জনসন-হরিজদের কাছ থেকে হয়তো আর ৫০টি রান চাইবেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তথ্যসূত্র: ওয়েবসাইট।