রোমাঞ্চকর শেষের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট, তা-ও আবার অ্যাশেজে। জো রুট যেন হাওয়ায় উড়তে চাইছেন! ষ রয়টার্স
ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট, তা-ও আবার অ্যাশেজে। জো রুট যেন হাওয়ায় উড়তে চাইছেন! ষ রয়টার্স

ট্রেন্ট ব্রিজের রেকর্ড হয়তো জানাই আছে মাইকেল ক্লার্কের। জানা না থাকলেও কেউ একজন হয়তো খুঁজে বের করে জানিয়ে গেছেন তাঁকে। ইংল্যান্ডকে হারাতে হলে ইংল্যান্ডেরই রেকর্ড ভাঙতে হবে ক্লার্কের দলকে। চতুর্থ দিন লাঞ্চের পর ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে জেমস অ্যান্ডারসন যখন আউট হয়ে যান, অস্ট্রেলিয়ার সামনে ৩১১ রানের লক্ষ্য। ট্রেন্ট ব্রিজে এর আগে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা ইংল্যান্ডের। ২০০৪ সালের জুনে নিউজিল্যান্ডের দেওয়া ২৮৪ রান তাড়া করে মাইকেল ভনের দল জিতেছিল ৪ উইকেটে।নতুন রেকর্ড গড়ে জেতা অবশ্য কঠিন হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ যখন ব্যাট করছিলেন, তখনো দুই দলের সম্ভাবনাকেই মনে হচ্ছিল সমান সমান। অনেকে হয়তো এগিয়ে রাখছিলেন অস্ট্রেলিয়াকেই। কিন্তু পর পর দুই বলে ক্লার্ক ও স্মিথ আউট হয়ে হয়ে যাওয়ার একটু পর ফিল হিউজও ফিরে যাওয়ায় পাল্লাটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়েছে। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া করেছে ৬ উইকেটে ১৭৪ রান। জিততে হলে আজ শেষ দিনে অস্ট্রেলিয়ার চাই আরও ১৩৭ রান, ইংল্যান্ডের ৪ উইকেট। ক্রিকইনফো।অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু দলীয় ৮৪ রানে ব্রডের শিকার হয়ে ওয়াটসন ফিরে যাওয়ার পরই বদলে যেতে থাকে ম্যাচের চেহারা। ব্রডের বলে ওয়াটসন (৪৬) ফিরে যান এলবিডব্লু হয়ে।  আম্পায়ার আলিম দার আউট দিলে রেফারেল নেন ওয়াটসন। কিন্তু কাজ হয়নি। গ্রায়েম সোয়ানের পরের ওভারেই আবার নাটক। সোয়ানের বলে আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলেও রেফারেল নিয়ে বেঁচে যান ক্রিস রজার্স। তবে পুনর্জীবন পেয়েও রজার্স কাজে লাগাতে পারেননি। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫২) করে ফিরেছেন অ্যান্ডারসনের শিকার হয়ে। জো রুটকে প্রথম টেস্ট উইকেট উপহার দেন এড কাওয়ান।  ক্লার্কের আউট নিয়ে ঘটে আরেক দফা নাটক। এবারও ঘটনার মধ্যমণি আগের দিন ব্রডকে আউট না দিয়ে বিতর্কের মধ্যে পড়ে যাওয়া আম্পায়ার আলিম দার এবং বোলার সেই ব্রড। অফ স্টাম্পের বাইরে ব্রডের দুর্দান্ত ডেলিভারি। ক্লাক পরাস্ত। বলটি লুফে নিয়েই উৎসব শুরু করে দেন উইকেটকিপার প্রায়র। হতভম্ব দার সতীর্থ আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সাহায্য চান তৃতীয় আম্পায়ারের। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর ক্লার্ক রেফারেল নিলেও লাভ হয়নি।এর আগে ইংল্যান্ড কাল আরও ৪৯ রান যোগ করে অলআউট হয় ৩৭৫ রানে। আগের দিনের ইয়ান বেল-ব্রডের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিটা কাল থামে ১৩৮ রানে গিয়ে। দলীয় ৩৫৬ রানে ব্রডকে ফিরিয়ে জুটি ভাঙেন প্যাটিনসন। তাঁর আগেই প্রায় দেড় বছর পর টেস্ট হাফ সেঞ্চুরিটা পূর্ণ করেছেন ব্রড (৬৫)।  ব্রড-অ্যান্ডারসন-ফিন আর সোয়ানদের কাঁধে শেষ করার দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার আগে বেল করেছেন ক্যারিয়ারের ১৮তম এবং অ্যাশেজে দ্বিতীয় সেঞ্চুরি (১০৯)। ইংল্যান্ড শেষ চার উইকেট হারিয়েছে ১৯ রানে।