রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ওভাল টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারমুখী ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের স্বপ্নই দেখাচ্ছেন কেভিন পিটারসেন। ছবি: রয়টার্স
মারমুখী ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের স্বপ্নই দেখাচ্ছেন কেভিন পিটারসেন। ছবি: রয়টার্স

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার মন্থর ব্যাটিং, চতুর্থ দিনে বৃষ্টির বাধা, সব আক্ষেপ-হতাশা যেন ভুলিয়ে দিচ্ছে ওভাল টেস্টের পঞ্চম দিন। টানটান উত্তেজনার মধ্য দিয়েই হয়তো শেষ হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজের এই পঞ্চম টেস্টটি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার পর এখন জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে স্বাগতিক ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৪ রান জমাও করে ফেলেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। দিনের শেষ ১৬ ওভারে তাদের চাই ৮৮ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার আরও আটটি উইকেট। সফরকারীদের কাজটাই যে বেশি কঠিন সেটা সহজেই অনুমান করা যাচ্ছে।
প্রথম চারটি টেস্টের পরই অ্যাশেজ হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সান্তনার হলেও শেষ ম্যাচটায় জয়টা হয়তো খুব করেই চেয়েছিল ক্লার্ক বাহিনী। সেটা বোঝা যায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই ইনিংস ঘোষণার সিদ্ধান্তে। হারের সম্ভাবনা আছে জেনেও ঝুঁকি নিতে দ্বিধা করেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্লার্ক। ইংল্যান্ডের সামনে লক্ষ্য স্থির হয় ৪৪ ওভারে ২২৭ রান।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। পঞ্চম ওভারেই জো রুটের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে জয়ের আশাই জাগিয়েছিলেন রায়ান হ্যারিস। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে অবশ্য প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামাল দিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট। ২০তম ওভারে কুক আউট হওয়ার পর ট্রটের সঙ্গে জুটি বেঁধেছেন কেভিন পিটারসেন। ৪৭ রান করে অপরাজিত আছেন ট্রট। পিটারসেন ব্যাট করছেন ৪৬ রান নিয়ে।এর আগে আজ পঞ্চম দিনের প্রথমভাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ৩৭৭ রানে।