রোমাঞ্চিত নন মমিনুল!
কখন জানলেন জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর?—একটু আগে।কীভাবে জানলেন?—আমান ভাই (বিসিবি একাদশের সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ) জানালেন।কেমন লাগছে?—আসলে অত এক্সাইটেড নই, আমি সব সময় যেমন থাকি ও রকমই আছি আল্লাহর রহমতে।সাংবাদিকেরা ঘিরে আছেন জাতীয় দলের নবতম সদস্যকে। একটু আগেই জানা গেছে, চোট পাওয়া সাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে সুযোগ পেয়েছেন মমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ আর বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তাই এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাট হাতে কেমন করবেন, সময়েই উত্তর মিলবে। তবে জাতীয় দলে ঢুকে প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সবাইকে চমকেই দিলেন মমিনুল। ক্রিকেটকেই জীবনের ধ্যানজ্ঞান করে নেওয়ার দিনটি থেকে যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দল ডাক পাওয়া, আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। ২১ বছরের এক তরুণের কাছে সেই স্বপ্নপূরণের রোমাঞ্চের চেয়ে বড় আর কী হতে পারে! অথচ মমিনুল নাকি একটুও রোমাঞ্চিত নন!ভ্রু কুঁচকাতে পারেন। তবে এটাকে ভাণ বলে ধরে নেওয়ার আগে মমিনুলের ব্যাখ্যাটা শুনুন, ‘আমি আসলে কখনোই অত এক্সাইটেড হই না। এক্সাইটেড হলে হয়তো অহংকার চলে আসতে পারে।’ ব্যাটিংয়ে যেমনই হোন না কেন, মমিনুলের ভাবনা আর কথাবার্তায় কিন্তু দারুণ পরিণতি বোধের ছাপ! জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার মুহূর্তটির সৌজন্যে তো কালকের দিনটিই জীবনের স্মরণীয়তম হয়ে থাকার কথা। মনে আনন্দ-রোমাঞ্চ নিশ্চয়ই আছে, কিন্তু সেটাকে বেশ বাঁধ দিয়ে ফেলেছেন। কৃত্রিমতায় ভরা অতি রোমাঞ্চ না দেখানোর জন্য সাধুবাদ অন্তত পাবেন। ‘কঠিন অধ্যায়টা এখন শুরু, এ জন্যও কি রোমাঞ্চিত নন?’ এমন বাউন্সারেও যেমন নিজের মতো খেললেন, ‘হতে পারে!’দু-এক কথায় ছোট ছোট উত্তর। কিন্তু গড়পড়তা অন্যদের চেয়ে চিন্তাভাবনায় যে আলাদা, যেটার ছাপ রাখছেন যেন এতেই। অনেক কিছু ভেবে সবকিছুকে জটিল করার কোনো ইচ্ছে নেই, যেন সবকিছুকেই সহজ করে নেওয়ার একটা প্রতিজ্ঞা করে নিয়েছেন। বয়স ২১, কিন্তু উচ্চতা আর মুখায়ব মিলিয়ে দেখতে লাগে আরও কম বয়সী। যা বললেন আর তাঁকে দেখে যা বোঝা গেল, এটাই যদি সত্যিকারের মমিনুল হন, তাহলে তাঁকে বলতে হবে এক ঝলক তাজা বাতাস!ডাক পাওয়াটা প্রত্যাশিত ছিল কি না, এই প্রশ্নে যেমন আত্মবিশ্বাসী উত্তর, ‘ভালো খেললে তো সব সময়ই প্রত্যাশা থাকে।’ তা ভালো তিনি খেলছেন বেশ কিছুদিন ধরেই। ‘এ’ দল, একাডেমি দল, ঘরোয়া ক্রিকেট। এবার জাতীয় লিগে এখন পর্যন্ত করেছেন দুটি সেঞ্চুরি। প্রধান নির্বাচক আকরাম খানও তাঁকে সুযোগ দেওয়ার কারণ হিসেবে ওই ধারাবাহিকতাটাকে সামনে নিয়ে এলেন, ‘সাকিবের মতো অলরাউন্ডারের তো আর রিপ্লেসমেন্ট হয় না। তবে আমাদের যেহেতু অনেক পার্টটাইম বোলার আছে, টিম ম্যানেজমেন্ট একজন ব্যাটসম্যান চেয়েছিল। ফর্মে থাকা ব্যাটসম্যানদের মধ্যে মমিনুলের ধারাবাহিকতা খুব ভালো, ওকে আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। এক-দেড় বছর ধরেই ও টানা পারফর্ম করে আসছে।’মমিনুল অবশ্য ‘সাকিবের বিকল্প’ বলতেই যেন আঁতকে উঠলেন, ‘সাকিব ভাইয়ের বিকল্প হয় নাকি!’ নিজের স্বপ্নের কথা অবশ্য লুকালেন না, ‘মানুষ যখন ক্রিকেট খেলে অনেক বড় স্বপ্ন নিয়েই খেলে। একেক জনের স্বপ্ন একেক রকম। আমার হয়তো বড় স্বপ্ন আছে।’ কী স্বপ্ন? ‘বলব কেন? স্বপ্নের কথা তো বলতে নেই!’সেই স্বপ্ন পূরণ হলে সেদিন নিশ্চয়ই তা বলবেন মমিনুল।