রোমাঞ্চিত নন, মমিনুল হতাশ

বিস্ময়-বোমায় মমিনুল সবাইকে প্রথম ঘায়েল করেছিলেন গত ২৮ নভেম্বর। চোট পাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে সেদিনই ডাক পেয়েছিলেন বাংলাদেশ দলে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। অনুমিতভাবেই প্রথম প্রশ্ন ছিল, ‘কতটা রোমাঞ্চিত?’ মমিনুলের নির্লিপ্ত উত্তর, ‘একটুও না!’ তাঁকে ঘিরে থাকা সাংবাদিকেরা তখন থ দাঁড়িয়ে, পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করেছেন। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়াটা রোমাঞ্চকর নয়!
সেই কথাটি মনে করিয়ে দিতেই হাসির মতো একটা ভঙ্গি করলেন ঠোঁটে। ‘এবারও কি রোমাঞ্চিত নন?’ পাশাপাশি হাঁটার সময় থমকে দাঁড়ালেন এই প্রশ্নে। ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন, ‘আমার উদ্যাপন দেখেননি? দেখে খুব এক্সাইটেড মনে হয়েছে!’
চলুন, ফ্ল্যাশব্যাকে গতকাল মুমিনু হকের সেঞ্চুরি উদ্যাপনের মুহূর্তটায় ফেরা যাক। স্কয়ার ড্রাইভটা চার হবে বুঝতে পেরেই ড্রেসিংরুমের দিকে ফিরে ব্যাট ছুড়লেন বাতাসে। আলতো করে, মুখে খানিকটা হাসিও খেলে গেল যেন। হঠাৎ বুঝি মনে হলো, হেলমেটটা খোলা উচিত। অপটু হাতে হেলমেট খুলে দুহাত ছুড়লেন আকাশে। তবে মাত্রই কয়েকটি মুহূর্তের জন্য, যেন একটু লজ্জাও পাচ্ছেন—‘কেউ যদি দেখে ফেলে!’ উইকেটে সঙ্গী মার্শাল আইয়ুব এসে জড়িয়ে ধরলেন, তবে সেই আলিঙ্গন থেকেও নিজেকে ছাড়িয়ে নিলেন দ্রুতই। উদ্যাপনের প্রতিটি মুহূর্তেই মিশে ছিল যেন অনিচ্ছা-অস্বস্তি। বরাবরের মতো কালও সরল উত্তর, ‘এসব আসলে আমার মন থেকে আসে না। একেবারেই ব্যাট না তুললে খারাপ দেখা যায়, তাই একটু তুলেছি।’
অনেকে এটাকে আবার একধরনের দাম্ভিকতা ভাবতে পারেন। আসলে ব্যাপারটি যে উল্টো, সেটি বোঝাতে আবার সেই খুলনায় ফিরে যেতে হবে। সেই ‘একটুও রোমাঞ্চিত নই’-এর ব্যাখ্যায় বলেছিলেন, ‘ওসব বেশি ভাবলে মনে অহংকার চলে আসতে পারে। মনে হতে পারে কিছু একটা হয়ে গেছি।’
এ কথাটিই আসলে তুলে ধরছে ব্যক্তি মমিনুলকে। কালকের উদ্যাপনেও ফুটে উঠেছে সত্যিকারের মমিনুল। কথায়-আচরণে মোটেও সপ্রভিত নন। নেই কৃত্রিমতার বাগাড়ম্বর। খানিকটা মুখচোরা স্বভাবের, পাদপ্রদীপের আলোর চেয়ে নির্জন কোণে নিজের মতো থাকাই যাঁর পছন্দ। মিছিলের ভিড়েও যিনি অন্যের আড়ালে নিজেকে লুকাতে চান। সমুদ্রশহর কক্সবাজারের ছেলে হয়েও ঠিক সাগরের মতো উচ্ছল-উত্তাল-পল্লবিত নন।
তবে ব্যাট হাতে কিন্তু ঠিকই সপ্রভিত আর উত্তাল ছিলেন ১৮১ রানের ইনিংসটায়। চোখ আর মনকে প্রশান্তি দেওয়া সব ড্রাইভ ছড়িয়েছে সৌন্দর্যের ছটা, পুল শটে ফুটে উঠেছে শৌর্য, ফিল্ডারদের নড়ার সুযোগ দেয়নি একেকটি কাট আর একেকটি লফটেড শট প্রমাণ দিয়েছে সাহসিকতার। এই মন্থর উইকেটেও টাইমিংয়ের এমন প্রদর্শনী মেলে ধরলেন, এই ইনিংসের পর তাঁর ড্রাইভ খেলার অসাধারণ দক্ষতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয় কারও। সিরিজের আগে বাংলাদেশের সব ক্রিকেটারের ভিডিও ফুটেজ দেখে গবেষণার কথা বারবার বলেছিলেন বন্ড-টেলর-ম্যাককালামরা। কিউইদের সুদূরতম কল্পনাতেও ছিল না ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চির মমিনুলের ভেতর লুকিয়ে আছে এমন বিস্ফোরণের রসদ!
সাফল্যে তিনি নির্লিপ্ততার বিজ্ঞাপন। তবে কাল আউট হওয়ায় পরের প্রতিক্রিয়ায় হতাশাটা বেরিয়ে এসেছে স্পষ্ট। সেটা নিয়ে অবশ্য রাখঢাকও রাখার চেষ্টা করেননি। ১৮১ রানের তৃপ্তি নয়, তাঁর কাছে ১৯ রানের আক্ষেপটাই বড়, ‘খুবই হতাশ আমি। সেঞ্চুরির করার আনন্দের চেয়ে ডাবল সেঞ্চুরি না করতে পারার দুঃখটাই বেশি। এমন সুযোগ আর পাব কি না কে জানে!’
নিজের মনে সংশয়টা হয়তো সাময়িক হতাশা থেকেই। নইলে নিজেকে ছাড়িয়ে না যাওয়ার কোনো কারণ নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে তাঁর সর্বোচ্চ ছিল ১৫০। কোনো পর্যায়ের ক্রিকেটেই এর চেয়ে বড় আর লম্বা ইনিংস খেলেননি কখনো। নিজের প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার কথাটিও স্বীকার করলেন অকপটে, ‘আমি আসলে এতটা ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো এক শ হবে...এত বড় ইনিংস চিন্তাও করিনি।’
তাহলে ডাবল সেঞ্চুরির সুযোগও তো আসতে পারে আবার! বলতেই লাজুক হাসি মমিনুলের মুখে, ‘তা-ও তো ঠিক, দেখি...।’ ড্রেসিংরুমের নিচে দাঁড়িয়ে থাকা সতীর্থদের সঙ্গে মিশে যাওয়ার আগে আবার পেছন ফিরে তাকালেন। বাতাসে ‘২০০’ এঁকে আবার বললেন, ‘কিন্তু দুই শ তো দুই শই!’
বোঝা গেল, হতাশাটা কাটছেই না। না কাটুক। বাংলাদেশের ক্রিকেট এখনো বুঁদ হয়ে আছে তাঁর মায়াজাল বিছানো ইনিংসে, তিনি ডুবে থাকুন হতাশায়। এই অপ্রাপ্তিই হয়তো ভবিষ্যৎ প্রাপ্তির বীজ। যেখান থেকে জন্ম নেবে এমন আরও অনেক বড় ইনিংস, ডাবল সেঞ্চুরি!
বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি
বল ব্যাটসম্যান প্রতিপক্ষ ভেন্যু সাল
৯৪ তামিম ইকবাল ইংল্যান্ড লর্ডস ২০১০
৯৮ মমিনুল হক নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩
১০০ তামিম ইকবাল ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ২০১০
১০১ তামিম ইকবাল ভারত মিরপুর ২০১০
১০৬ আবুল হাসান ওয়েস্ট ইন্ডিজ খুলনা ২০১২
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে