রোমাঞ্চিত পন্টিং সতর্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞ চোখ বুঝতে ভুল করেনি। রোববার ভারতের বিপক্ষে ম্যাচে মাইকেল ক্লার্কের হ্যামস্ট্রিংয়ে টান পড়া দেখেই নিকট ভবিষ্যৎটা দেখে ফেলেছিলেন রিকি পন্টিং। ম্যাচ শেষেই ডেভিড ওয়ার্নারকে একপাশে টেনে নিয়ে বললেন, ‘মানসিকভাবে প্রস্তুত হও, দু-এক দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে হবে।’ কিন্তু পরে বেজে উঠল পন্টিংয়ের ফোন, ও পান্তে প্রধান নির্বাচক জন ইনভেরারিটি। পন্টিং জানলেন, ক্লার্কের বদলি তিনিই, ওয়ার্নার নন। প্রায় ১১ মাস পর আজ তাই আবার অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামবেন পন্টিং। সিবি সিরিজে সিডনিতে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।প্রধান নির্বাচকের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য রাজি হননি পন্টিং, ভেবেছেন অনেক। কাল সংবাদ সম্মেলনে জানালেন পুরো কাহিনি, ‘অনেক ভেবেছি আমি, জন ইনভেরারিটির সঙ্গে অনেক কথা হয়েছে। আমার কিছু জানার ছিল। শেষ পর্যন্ত তাঁদের চাওয়াটা আমি মেনে নিয়েছি, মনে হয়েছে দলের স্বার্থে হয়তো এটাই ঠিক। আমাদের বেশ কজন সিনিয়র ক্রিকেটার আপাতত দলের বাইরে। আমি জানি, সিরিজের শুরুতে ডেভ ওয়ার্নারকে সহ-অধিনায়ক করা হয়েছে। কিন্তু নির্বাচকেরা পরিষ্কার করে দিয়েছেন কেন ওয়ার্নারকে নেতৃত্ব দেওয়া হয়নি। দলকে আবার নেতৃত্ব দিতে পেরে আমি রোমাঞ্চিত, তবে আশা করছি এটা অল্প সময়ের জন্যই হবে।’সাংবাদিকদের কৌতূহল ছিল প্রধান নির্বাচকের কাছে পন্টিংয়ের ‘জিজ্ঞাসা’গুলো নিয়ে। পন্টিং সেসব ভাগাভাগিও করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে, ‘দিন দুয়েক ধরে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমার জিজ্ঞাসা ছিল সেসবই। দলের একজন সহ-অধিনায়ক আছে এবং মনে হচ্ছে যেন আমি তাঁকে টপকে আসছি। তরুণ একজনকে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার সুযোগ থেকে বঞ্চিত করছি। এসব নিয়ে ইনভেরারিটির সঙ্গে কথা বলেছি। আমাকে বলা হয়েছে, অনেক সময় নিয়ে ভেবেচিন্তে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের যুক্তিগুলো আমি মেনে নিয়েছি। এটাই হয়তো দলের জন্য এই মুহূর্তে ভালো।’অধিনায়কত্ব নিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘ভালোই হয়েছে, এবার তিনি পন্টিংয়ের কাছ থেকেও শিখতে পারবেন।’ পন্টিংও জানালেন, তাঁর অভিজ্ঞতার ভাঁড়ার খুলে দেবেন ওয়ার্নারের জন্য, ‘যখন অধিনায়ক ছিলাম, মাঠে আমি নানা সময়ই সতীর্থদের মতামত নিয়েছি। শুক্রবার অবশ্যই আমি ওয়ার্নারের সঙ্গে অনেক কথা বলব। আমার পরিকল্পনা, ভাবনাগুলো ওকে জানাব। ওর অভিমতও জানার চেষ্টা করব।’ ওয়েবসাইট।