রোমাঞ্চিত সাইক্লিস্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সকালে ছুটে চলেছেন ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা। গতকাল বাগেরহাট-খুলনা রোড থেকে তোলা ছবি  l প্রথম আলো
শীতের সকালে ছুটে চলেছেন ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা। গতকাল বাগেরহাট-খুলনা রোড থেকে তোলা ছবি l প্রথম আলো

অপেক্ষার পালা শেষ। গতকাল সকালে বাগেরহাটের হজরত খান জাহান (র.)-এর মাজার তোরণের সামনে থেকে যাত্রা শুরু করেছে ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’। এমন আয়োজন বাংলাদেশে আগে কখনো হয়নি।
আয়োজক বাংলাদেশ সাইক্লিস্ট ফেডারেশনের বিশ্বাস, এই আয়োজন একদিন বিদেশি সাইক্লিস্টদেরও বাংলাদেশে নিয়ে আসবে। পর্যটনশিল্পও তখন সমৃদ্ধ হবে। তাই প্রতিযোগিতার সূচনা পর্বের জন্য দুটি বিশ্ব ঐতিহ্যের শহর (সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদ) বাগেরহাটকে বেছে নেওয়া।
প্রথম পর্বে আট দলের ৪০ জন সাইক্লিস্ট বাগেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কাল। সকালে কিছুটা কুয়াশার মধ্যে মাজার তোরণ থেকে শুরু হয় রেস। উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি দলের জন্য ছিল একটি মাইক্রোবাস ও স্বেচ্ছাসেবক। গোটা সড়কে পুলিশের নিরাপত্তাবেষ্টনী ছিল। সাইক্লিং শুরুর পর রাস্তা বন্ধ করে দেওয়া হয়। নওয়াপাড়া মোড়-মোল্লারহাট হয়ে বাগেরহাট-গোপালগঞ্জ সড়ক ধরে এগিয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। শেষ হয়েছে গোপালগঞ্জের পাঁচুড়িয়া বাজারে। শুরুর দিনের সেরা সাইক্লিস্ট বিজেএমসির মিজানুর রহমান।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক বাগেরহাট, গোপালগঞ্জ ও দিনাজপুর জেলা, বিজেএমসি, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কারা পুলিশ দল। আজ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পয়সারহাট এলাকায় ৫৫ কিলোমিটার শেষে আগামীকাল ঢাকায় পৌঁছাবেন সাইক্লিস্টরা। শুক্রবার ঢাকার হাতিরঝিলে ৫৫ কিমি রেস হবে। সব কটি পর্ব মিলে সাইক্লিস্টদের ব্যক্তিগত টাইমিংয়ে সেরা নির্বাচিত হবেন।
দেশের সাইক্লিস্টদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা। তাঁরা দারুণ রোমাঞ্চিত। কারা-পুলিশ দলের জাহাঙ্গীর আলমের কথায় সেটিরই প্রতিধ্বনি, ‘আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রতিবছর এমন আয়োজন করা দরকার। প্রতিযোগিতার মান বাড়বে এতে, নতুন সাইক্লিস্ট তৈরি হবে।’
গোপালগঞ্জ দলের আনিসুর রহমান ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে খেলেছেন। তিনিও বেশ শিহরিত, ‘সাইক্লিস্টরা এত দিন ভাবতেই পারেনি এমন আয়োজন বাংলাদেশেও হবে।’ তবে ক্ষোভও আছে তাঁর, ‘ক্রীড়া সংস্থাগুলো সাইক্লিং আয়োজন করে না। এটা তাদের করা উচিত।’
বিচারকের ভূমিকায় কাল খুলনা থেকে আসা বিজেএমসির সাবেক সাইক্লিস্ট সোহরাব হোসেনও মনে করেন, জেলায় জেলায় সাইক্লিং হওয়া দরকার। একই সঙ্গে জাতীয় পর্যায়ে নয়টি সোনাজয়ী এই সাইক্লিস্ট এই আয়োজন নিয়ে খুবই উচ্ছ্বসিত, ‘এটি দারুণ এক প্রতিযোগিতা। যার মাধ্যমে অনেক সুযোগ-সুবিধা পাবেন সাইক্লিস্টরা। আমাদের সময়ে তো সাইকেলই মিলত না।’
সময় এগিয়েছে, বাংলাদেশ সাইক্লিংও পা বাড়িয়েছে সামনে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খানের আশা, ট্যুর ডি ফ্রান্সের মতো বাংলাদেশেও দেশি-বিদেশি সাইক্লিস্টদের নিয়ে প্রতিবছর এই আয়োজন হবে। ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা আগেই দিয়েছে ট্যুর ডি বাংলাদেশের মূল উদ্যোক্তা ও স্পনসর বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।
পৃষ্ঠপোষক, ফেডারেশনের কর্মকর্তা ও অন্যদের নিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাংসদ মোজাম্মেল হোসেন। ছিলেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, পৃষ্ঠপোষক এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ, বিপণন প্রধান সোয়েব মো. আসাদুজ্জামানসহ আরও অনেকেই।
সবার কণ্ঠেই ছিল অভিন্ন সুর, এই আয়োজন সাইক্লিস্টদের স্বপ্ন বাড়িয়ে দেবে অনেক দূর।