রোমাঞ্চের অপেক্ষায় ডানেডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানেডিন টেস্টের ভাগ্য এতক্ষণে হয়তো নির্ধারিত হয়ে গেছে। পঞ্চম দিনটা শুরুর সময় সম্ভাবনা ছিল সম্ভাব্য সব ধরনের ফলাফলেরই। নিউজিল্যান্ডকে জিততে হলে ৯৮ ওভারে করতে হবে ২৬৪ রান। দক্ষিণ আফ্রিকার দরকার ৮ উইকেট। ড্র তো বটেই, সম্ভাবনা ছিল বাজে আবহাওয়ায় একটি বল মাঠে না গড়ানোরও। দ্বিতীয় ইনিংসে ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক রস টেলরের অবিচ্ছিন্ন ৮২ রানের জুটিই স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিক নিউজিল্যান্ডকে। লক্ষ্যটা বিশাল, ৪০১ রান। জিততে হলে ইতিহাস গড়তে হবে। টেস্টে কিউরা সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে সেই ১৯৯৪ সালে। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে লক্ষ্য ছিল ৩২৪। টেস্টে ৪০০ রানের বেশি তাড়া করে জেতার উদাহরণ আছেই মাত্র পাঁচটি। ১৬ রানে মার্টিন গাপটিল ও ৫৫ রানে রব নিকোলকে হারিয়ে বিপদেই পড়েছিল নিউজিল্যান্ড। এর পরই ম্যাককালাম ও টেলরের পাল্টা আক্রমণ। পুরো দেড় ঘণ্টা ব্যাটিং করে ওপেনার রব নিকোল প্রোটিয়া পেসারদের সামাল দিলেও আউট হয়েছেন দিনের সবচেয়ে বাজে বলটিতে। লেগ স্পিনার ইমরান তাহিরের হাঁটু উচ্চতার ফুল টসকে সোজা মিডঅনে গ্রায়েম স্মিথের হাতে তুলে দেন ডানহাতি। এর আগে আগের দিনের ২৬৮ রানের সঙ্গে আরও ১৬৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। স্মিথ ও ক্যালিসের পর কাল সেঞ্চুরি করেছেন জ্যাক রুডলফও। ২০০৫ সালের পর আবার টেস্ট সেঞ্চুরি পাওয়া এই বাঁহাতি অপরাজিত ছিলেন ১০৫ রানে। ক্যারিয়ার গড় ৩৭.৪২ হলেও নিউজিল্যান্ডে খেলা ৪ টেস্টে রুডলফের গড় ৯৮.৬০! ওয়েবসাইট।