রোমাঞ্চের দোলাচল শেষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ের মতো কথাবার্তায়ও নীরস বলে এক ধরনের পরিচিতি আছে অ্যালিস্টার কুকের। উত্তেজনায় ম্যাচ, রোমাঞ্চকর শেষ দিন আর নাটকীয় শেষ কিছু মুহূর্ত বুঝি বের করে আনল ইংলিশ অধিনায়কের রসবোধ। পুরস্কার বিতরণী মঞ্চে হাসতে হাসতে বললেন, ‘বলেছিলাম, টেকো মাথা না হওয়া একমাত্র ইংল্যান্ড অধিনায়ক হব আমি। কিন্তু এমন দিন এলে তো মুশকিল!’কুকের শঙ্কাটা ঠিকই আছে। এমন স্নায়ুক্ষয়ী দিন এলে মাথার চুল পড়ে যাওয়ারই কথা! যখন রিভিউ চাইলেন, কুক কি আত্মবিশ্বাসী ছিলেন যে সিদ্ধান্ত পক্ষে আসবে? মাইকেল আথারটন প্রশ্নটা না করায় উত্তরটা জানা হলো না। তবে সে সময় কুকের মুখায়ব আর অঙ্গভঙ্গি দেখে মনে হয়নি খুব একটা আত্মবিশ্বাসী। মুঠো থেকে ফসকে যাচ্ছে ম্যাচ, রিভিউ দুটিই হাতে আছে, তাই হয়তো সুযোগটা নিয়েছিলেন। যদিও ইংল্যান্ড অধিনায়কের দাবি, ম্যাচ তাদের মুঠোতেই ছিল, ‘কোনো সংশয় নেই, ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। অস্ট্রেলিয়া অবিশ্বাস্য লড়াই করেছে, কিন্তু আমরাও লড়াই ছাড়িনি।’ওই অবিশ্বাস্য লড়াইটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি। ম্যাচ হারলেও তাই আশা হারাচ্ছেন না মাইকেল ক্লার্ক, ‘ছেলেরা মাথা উঁচু রাখতেই পারে। অসাধারণ একটি ম্যাচ ছিল। ইংল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে, ওরা দারুণ খেলেছে। ম্যাচের সেরা দুই পারফর্মার ছিল ইয়ান বেল ও জেমস অ্যান্ডারসন, জয়টা তাই ওদেরই প্রাপ্য। খেলোয়াড়, দর্শক, সমর্থক সবাই ম্যাচটি উপভোগ করেছে। চার দিন পরই আমরা আবার নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছি।’ম্যাচের প্রথম সকালে যে বিস্ময় উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া, সেই অ্যাশটন অ্যাগারও ম্যাচ থেকে ক্লার্কদের বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ান অধিনায়ক মুগ্ধ নতুন সতীর্থে, ‘ওর বয়স মাত্র ১৯ হলেও বয়সের তুলনায় অনেক পরিণত। চিন্তাভাবনা, ক্রিকেট-ভাবনা—সবকিছুতেই সেই পরিণতিবোধের ছাপ আছে।’ প্রতিপক্ষ অধিনায়কই যখন অ্যান্ডারসন ও বেলের প্রশংসায় পঞ্চমুখ, ইংলিশ অধিনায়কের ভাবনা আর বলার অপেক্ষা রাখে না! কুকও প্রশংসার জোয়ারে ভাসালেন তাঁর দুই অভিজ্ঞ সেনানীকে, ‘চাপের মধ্যে বেলের ইনিংসটা ছিল দৃঢ়প্রতিজ্ঞা, চরিত্র আর দক্ষতার সত্যিকার প্রদর্শনী। আর জিমি তো বরাবরের মতোই ছিল অসাধারণ। ১৩ ওভারের স্পেল করার পর আজ আরও বোলিং করতে চাইছিল। সব সময়ই চায় বেশি বোলিং করতে। সত্যিকার বিশ্বমানের এক বোলার, মাঝেমধ্যে ওর বোলিং শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছে করে। আজকের দিনটি জিমির, ম্যাচটিও জিমির।’প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে এই মাঠের সফলতম বোলার হয়ে গেছেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে এনে দিলেন অবিস্মরণীয় এক জয়। ১৫৮ রানে ১০ উইকেট ২০০৩ সালে সিডনিতে অ্যান্ডি ক্যাডিকের পর অ্যাশেজে ইংলিশদের সেরা বোলিং। দিনের নায়ক, ম্যাচের নায়ক কৃতজ্ঞতা জানালেন এই মাঠকে, ‘শেষ দিকে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে বিশ্বাস হারাইনি। বছরের পর বছর ধরেই এই মাঠ আমাকে দুহাত ভরিয়ে দিয়েছে। সাধারণত এখানে সব সময়ই সুইং পাওয়া যায়, প্রথাগত ও রিভার্স—দুটোই।’সিরিজের আগে যা ভাবা হচ্ছিল, প্রথম টেস্ট সেই ভাবনাটাকেই প্রতিষ্ঠিত করল—অ্যাশেজের ভাগ্য নির্ধারণ করবেন হয়তো অ্যান্ডারসনই! ওয়েবসাইট।