রোমাঞ্চের নাম টেস্ট ক্রিকেট
‘ব্যাক টু টেস্ট ক্রিকেট’—হারারের বিভিন্ন ক্লাবের সামনে সানন্দ ঘোষণা। হারারে স্পোর্টস ক্লাবের বারে তো আলোচনার বিষয়ই এটা। আলোচকদের সবাই টেস্ট ক্রিকেটের পাগল, এমন ভাবলে ভুল হবে। জিম্বাবুয়েতে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন খেলার সীমানা ছাড়িয়ে জাতীয় একটা উৎসবের উপলক্ষে পরিণত।সেটিও অবশ্য হারারে স্পোর্টস ক্লাব মাঠে দর্শকের ঢল নামার নিশ্চয়তা নয়। তবে টেস্ট দেখতে আসবেন কি না প্রশ্নে ‘দেখি, পারি কি না’ উত্তর দেওয়া জিম্বাবুইয়ানও এটাকে ঐতিহাসিক মুহূর্ত বলে রায় দিয়ে দিচ্ছেন। এটা যে একটা জাতীয় গ্লানি থেকে মুক্তির উপলক্ষ। ‘আমরা টেস্ট ক্রিকেট খেলতাম, ভালো খেলতে পারি না বলে কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকার’—ক্রিকেটে আগ্রহহীন জিম্বাবুইয়ানও তো দগ্ধ হয়েছেন এই অপমানে।দেখে-টেখে মনে হচ্ছে, বাংলাদেশ যে ১৪ মাস টেস্ট ক্রিকেটের সঙ্গে সংশ্রবহীন থাকল, একদিক থেকে এটি ভালোই হয়েছে। নইলে ‘টেস্ট ক্রিকেট ইজ ব্যাক’ রোমাঞ্চটা প্রতিদ্বন্দ্বী দুই দলকেই এভাবে ছুঁয়ে যেতে পারত না।সকালে হোটেলের লিফটে ক্রিস্টোফার পোফুর সঙ্গে দেখা। ছয় টেস্ট খেলা জিম্বাবুইয়ান ফাস্ট বোলার লিফটেই নাচতে শুরু করলেন, ‘সেই ২০০৫ সালে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেছি। আবার টেস্ট খেলব, ভাবতেই যে কী আনন্দ লাগছে!’ আনন্দের ব্যাপারটা মুখে না বললেও হতো। সেটি তো উদ্বাহু নৃত্যেই পরিষ্কার।২০০৫ সালে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট ম্যাচে খেলেছেন টাটেন্ডা টাইবু। নির্বাসনের আগে সে বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলা জিম্বাবুয়ের এই দলের তিন ক্রিকেটারের একজন। বাকি দুজন ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশের ওই সিরিজটা ছিল ‘বাংলাদেশ বনাম টাইবু’। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এখনো সেই সিরিজের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে যান, ‘ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিয়ে এনামুলের সঙ্গে আমার লড়াই হয়েছিল। সেই থেকে এনামুল আমার খুব ভালো বন্ধু।’মাঝখানে জিম্বাবুইয়ান ক্রিকেটের চেয়েও বেশি ঝড়ঝাপটা গেছে নিজের জীবনের ওপর দিয়ে। সব পাড়ি দিয়ে আবার টেস্ট ক্রিকেটের বন্দরে নোঙর ফেলতে পেরে টাইবুও মহা রোমাঞ্চিত, ‘একজন ক্রিকেটারের শেখার জন্য টেস্ট ক্রিকেটের তুলনা হয় না। একজন ব্যাটসম্যান যতক্ষণ ইচ্ছা, যেভাবে ইচ্ছা ব্যাটিং করতে পারে। একজন বোলার যত ইচ্ছা বোলিং। আই লাভ টেস্ট ক্রিকেট।’জিম্বাবুয়েতে বাংলাদেশের মতো শয়ে শয়ে পত্রিকা নেই। সাংবাদিকের সংখ্যাও তাই হাতেগোনা। টেস্ট প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজনে অবশ্য একটু ব্যতিক্রম হচ্ছে। কারণটা অন্যও হতে পারে। জিম্বাবুয়ে ক্রিকেটের মিডিয়া ম্যানেজার জেফরি মুরিমবেকির বিশ্বকাপে ভারত ঘুরে এসে চোখ খুলে গেছে। ‘কত ক্যামেরা, কত সাংবাদিক’ এই বিস্ময় এত দিন পরও যেন কাটেনি। মহা উৎসাহে দুই দলের চার-চার আটজন ক্রিকেটারকে নিয়ে উন্মুক্ত মিডিয়া সেশনের আয়োজন সেই বিশ্বকাপেরই শিক্ষা। কাল দুপুরে সেই মিডিয়া সেশনে যথারীতি বাংলাদেশের সাংবাদিকেরাই সংখ্যাগরিষ্ঠ। দুই উইকেটকিপার পাশাপাশি বসলেন। টাইবুর মতো মুশফিকুর রহিমও টেস্ট ক্রিকেটের মহাভক্ত। টেস্ট ক্রিকেট সব ক্রিকেটারের জন্যই ‘টেস্ট’, তবে উইকেটকিপারদের জন্য সবচেয়ে বেশি। মুশফিকুরের সেটিও পছন্দ, ‘টেস্টে আমি যত বেশি মাঠে থাকতে পারি, আমার ততই ভালো লাগে। কিপিং তো আছেই, আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমি নিশ্চিন্তে আমার ব্যাটিংটা করতে পারি।’শুধু ব্যাটিং নয়, কথাবার্তাতেও তামিম ইকবাল সব সময়ই বিদেশি মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক বিজ্ঞাপন। হ্যামিল্টন মাসাকাদজার পাশে বসে যথারীতি চমকে দিলেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুঁদে সাংবাদিককে। মাসাকাদজাকে ওই সাংবাদিক জিজ্ঞেস করলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল, হারারের উইকেট সেটি ভেবেই বানানো হচ্ছে কি না। মাসাকাদজার মুখের কথা কেড়ে নিয়ে তামিম জবাব দিলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় সম্ভবত বিশ্বের সবচেয়ে ফাস্ট উইকেটে ডেল স্টেইনকে খেলে এসেছি। ওদের দলে তো কোনো ডেল স্টেইন নেই।’টেস্ট ক্রিকেটে ১৪ মাস বিরতির প্রশ্নেও ব্যতিক্রমী উত্তর, ‘কোনো সমস্যা নেই। আপনি বাঁ হাতে খেতে জানলে সেটি ভুলে যাবেন নাকি?’তামিমের জন্য বলা সহজ। সব ধরনের ক্রিকেট একইভাবে খেলাতেই বিশ্বাস তাঁর। সাকিব অবশ্য টেস্ট ক্রিকেটে বোলিংটা অনেক আলাদা মনে করেন, ‘টি-টোয়েন্টিতে কখনো হয়তো ইচ্ছা করেই হাফ ভলি দিলেন, কখনো বা ওয়াইড ইয়র্কার। টেস্টে তা করলে হবে না। এখানে একই জায়গায় বল ফেলে চাপ তৈরি করতে হবে। টেস্ট ক্রিকেটে চাপ তৈরি করাটাই আসল।’দুই দলের খেলোয়াড়দের কথা শুনে অবশ্য মনে হচ্ছে, এই টেস্টে চাপ-টাপ আসবে পরে। প্রথমে আসবে রোমাঞ্চ। রোমাঞ্চের নাম ‘ব্যাক টু টেস্ট ক্রিকেট!’