রোমাঞ্চের পর সেভিয়া-বেনফিকা

ভ্যালেন্সিয়া থেকে তুরিনের দূরত্ব ১২০০ কিলোমিটার। অথচ পরশু স্পেন-ইতালির দুই শহর যেন মিলে গিয়েছিল এক বিন্দুতে। একদিকে নিজেদের মাঠে স্বপ্নভঙ্গের বেদনায় স্তব্ধ জুভেন্টাস-ভ্যালেন্সিয়া। অন্যদিকে ফাইনালে যাওয়ার আনন্দে উদ্বেল বেনফিকা-সেভিয়া।
পরশু ইউরোপা লিগের দুই ম্যাচ রোমাঞ্চের সব পসরা সাজিয়ে বসেছিল। ভ্যালেন্সিয়া-সেভিয়া ম্যাচে তো ফুটবলের সব সৌন্দর্য যেন ফুটেছে ফুল হয়ে। নির্ধারিত সময়ের খেলা শেষ, ভ্যালেন্সিয়া এগিয়ে ৩-০ গোলে। মেস্তালা নিচ্ছিল উৎসবের প্রস্তুতি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সেভিয়া মিডফিল্ডার স্টিভেন এমবিয়ার হেডে গোল। দুই লেগ মিলে ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকলেও ওই ‘অ্যাওয়ে’ গোলের সুবাদেই সেভিয়া চলে গেল ফাইনালে। ‘অবিশ্বাস্য। ভাষায় প্রকাশ করতে পারব না’—ম্যাচের পর আবেগে ভেসে গেলেন এমবিয়া।
বেনফিকা-জুভেন্টাসের ম্যাচে গোল না হলেও রোমাঞ্চ-উত্তেজনার এতটুকু কমতি ছিল না। সমীকরণ ছিল এমন, একটি মাত্র গোল হলেই ফাইনালে চলে যাবে জুভেন্টাস। সেই গোল পেতে ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের আক্রমণের ঢেউ আছড়ে পড়ল প্রতিপক্ষ বক্সে। ৬৭ মিনিটে এনজো পেরেজ লাল কার্ড দেখায় ১০ জন হয়ে পড়ল বেনফিকা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মাঠে এ মৌসুমে প্রথমবারের মতো জুভেন্টাস কোনো গোলই পেল না।
এটা অনেক বড় হতাশাই জুভদের জন্য। কোচ আন্তোনিও কন্তে যা প্রকাশ করলেন এভাবে, ‘ওরা গোলে মাত্র দুটি শট নিয়েছে। আর এখন ফাইনালে খেলছে। দিন শেষে যাদের ফাইনালে ওঠা প্রাপ্য ছিল, তারাই যেতে পারল না।’ বেনফিকা কোচ হোর্হে হেসুসের কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমরা দেখিয়েছি আমরা রক্ষণও সামলাতে জানি।’ এএফপি ও ওয়েবসাইট।