রোমাঞ্চের ম্যাচে লিভারপুলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের নাম ইয়াং বয়েজ। সুইজারল্যান্ডের অখ্যাত এক ক্লাব। এটাই ব্রেন্ডান রজার্সকে দ্বিতীয় সারির দল নামাতে উৎসাহ জাগিয়েছিল কি না, কে জানে। তবে নামেই যে সবকিছু আসে-যায় না, সেটার প্রমাণ প্রায় পেয়েই গিয়েছিলেন লিভারপুলের কোচ। হঠকারিতার চরম মূল্য দিতে দিতেও কোনো রকমে বেঁচে গেছেন। ইউরোপা লিগে চরম উত্তেজনার এক ম্যাচে ৫-৩ গোলে জিতলেও একপর্যায়ে অল রেডরা পিছিয়ে ছিল ৩-২ গোলে।লিভারপুল জিতলেও পরশু জয় পায়নি আর কোনো ইংলিশ ক্লাব। ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থাও তথৈবচ। এক নাপোলি ছাড়া জেতেনি অন্য কেউ। ইন্টার মিলান ও উদিনেসে তো একেবারে শেষ মিনিটের গোলে বেঁচে গেছে হার থেকে। জিতেছে রাদামেল ফ্যালকাওকে ছাড়াই খেলা বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।আজ বাদে কাল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলা লিভারপুলের। অধিনায়ক স্টিভেন জেরার্ড, গোলরক্ষক পেপে রেইনা, স্ট্রাইকার লুইস সুয়ারেজ, ডিফেন্ডার গ্লেন জনসন, মার্টিন স্কর্টেল ও ড্যানিয়েল অ্যাগারদের ইংল্যান্ডে রেখেই তাই সুইজারল্যান্ডে গিয়েছিলেন রজার্স। উয়েফা কাপ ও ইউরোপা লিগ মিলিয়ে নিজেদের শততম ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল লিভারপুলই (২-১)। বিরতির পর ব্যবধানটাকে উল্টো ৩-২ করে ফেলে স্বাগতিকেরা। তবে যখন মনে হচ্ছিল লিভারপুলের দুর্দশা সহসা কাটছে না, তখনই সেবাস্তিয়ান কোটসের গোল (৩-৩)। এরপর বদলি মিডফিল্ডার জোনজো শেলভির জোড়া গোলে মান বাঁচে পাঁচবারের ইউরোপ-সেরা ক্লাবটির।সিরি ‘আ’ ক্লাব লাৎসিওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে আন্দ্রে ভিলাস-বোয়াসের ক্লাব টটেনহাম হটস্পার। হোয়াইট হার্ট লেনে ‘জে’ গ্রুপের ম্যাচে তিন-তিনবার জালে বল জড়িয়েও উল্লাসে মাততে পারেনি স্পাররা। ডেম্পসি, বেল ও ককারের করা গোল তিনটি হয় অফসাইড, নয়তো ফাউলের অজুহাতে বাতিল হয়ে যায়। তৃতীয় ইংলিশ ক্লাব নিউক্যাসলও গোলশূন্য ড্র করেছে পর্তুগালের মারিতিমুর সঙ্গে।দুই ইতালিয়ান ক্লাব ইন্টার ও উদিনেসে শেষ মুহূর্তের গোলে মাটি করেছে রুশ ক্লাব রুবিন কাজান ও আনঝি মাখাচকালার উৎসব। সান সিরোতে জাপানি ডিফেন্ডার ইউতো নাগাতোমোর গোলেই রুবিনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার। স্যামুয়েল ইতোর আনঝির বিপক্ষে ডি নাতালের গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে উদিনেসে। পরশু হ্যাটট্রিক করেছেন নাপোলির চিলিয়ান স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাস। এআইকে স্টকহোমের বিপক্ষে তাঁর দল জিতেছে ৪-০ গোলে। এএফপি, রয়টার্স।