রোমারিওর আরেক জয়
বড় এক জয় পেলেন রোমারিও। না, মাঠে নয়, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়কের এই জয়টা দাবি আদায়ের আন্দোলনে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেরার দুর্নীতি এবং বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থাপনার বিরুদ্ধে রোমারিও লড়াইটা প্রকাশ্য। ব্রাজিলের আইনসভার সদস্য রোমারিও টিকিটের মূল্য কমানো ও অসহায়-অক্ষম মানুষকে বিনা মূল্যে টিকিট দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলন করে যাচ্ছিলেন।দ্বিতীয় দাবিটি পূরণ হয়েছে রোমারিওর। খেলা দেখার সুযোগ করে দিতে প্রতিবন্ধী-অসহায়দের বিনা মূল্যে টিকিট দেওয়া হবে ৩২ হাজার। মানে ২০১৪ বিশ্বকাপের প্রতি ম্যাচে ৫০০টি করে ফ্রি টিকিট পাবে প্রতিবন্ধী মানুষেরা। এ জন্য অবশ্য রোমারিও তাঁর সাবেক সতীর্থ রোনালদোর কাছে কৃতজ্ঞ। কদিন আগে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজক কমিটিতে শীর্ষ তিন কর্মকর্তার একজন হিসেবে যোগ দিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। বিনা মূল্যে টিকিট দেওয়ার দাবিটা রোনালদোর কাছেই জোরেশোরেই জানিয়েছিলেন। রোমারিও-রোনালদো দুজন মিলেই বিনা মূল্যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন।রোমারিওর নিজের একটি মেয়ে মানসিক প্রতিবন্ধী। দাবিটার সঙ্গে তাই জড়িয়ে ছিল তাঁর আবেগও। এ জন্যই সিদ্ধান্তটিকে ‘বড় এক জয়’ উল্লেখ করে কেঁদেই ফেললেন রোমারিও। ওয়েবসাইট।