রোলাঁ গাঁরোতে ওঁরা দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যরা যখন রোলাঁ গাঁরোতে নামার প্রস্তুতি নিচ্ছেন, হুয়ান মার্টিন দেল পোত্রো তখন ছোটাছুটি করছেন চিকিৎসকের কাছে। শুধু পোত্রোই নন, আগামীকাল থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনে দর্শক হয়ে খেলা দেখবেন নিকোলাই ডেভিডেঙ্কো ও কিম ক্লাইস্টার্স। ইনজুরিই দর্শক বানিয়ে দিয়েছে এই তারকা খেলোয়াড়দের। হতাশ এই খেলোয়াড়েরা অবশ্য চাইলে অনুপ্রেরণা হিসেবে দেখতে পারেন রাফায়েল নাদালকে। হাঁটুর ইনজুরিতে পড়ে গত বছর উইম্বলডনে খেলা হয়নি বিশ্বের দুই নম্বর তারকার। এর পর একের পর এক মিস করেছেন টুর্নামেন্ট। অথচ সেই নাদালই ইনজুরিকে জয় করে আবারও ফিরে এসেছেন পুরোনো চেহারায়। গত মাসে জিতেছেন মন্টে কার্লো মাস্টার্স, গত সপ্তাহে হারালেন চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে। জিতলেন মাদ্রিদ মাস্টার্স। রোমে চ্যাম্পিয়ন হওয়ার আগে বলেছিলেন, ‘আমার লক্ষ্য হারানো স্বাস্থ্য ও ফিটনেস ফিরে পাওয়া।’ এএফপি।১২ মাস আগে এই রোলাঁ গাঁরোতে ফেদেরারকে সেমিফাইনালে পাঁচ সেটে নিয়ে যেতে বাধ্য করেছিলেন দেল পোত্রো। সেই স্মৃতি নিশ্চয়ই পোড়াচ্ছে তাঁকে! গত জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে টেনিস কোর্টেই নামতে পারেননি পোত্রো। সেবার ১৫ ঘণ্টা এবং ১৮ সেট খেলতে হয়েছিল মাত্র ৪টি ম্যাচে। সেই ধকলেই কি না বিশ্বের পাঁচ নম্বর তারকার কবজিতে অস্ত্রোপচার করতে হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত খেলতেই পারেননি। কবজির ইনজুরিতে পড়ে সাইডলাইনে বসে আছেন ডেভিডেঙ্কোও। অ্যাঙ্কলের সমস্যায় ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে কিম ক্লাইস্টার্সও হতাশ, ‘রোলাঁ গাঁরোতে খেলতে না পারাটা সত্যি কষ্টের। প্যারিস আমার এত কাছের শহর যে কখনো কখনো আমাকে নিজের বাড়ি বলেও মনে হয়। এবং এখানেই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছিলাম।’