রোলাঁ গারোয় মুগুরুজার প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন রানি : প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দ তো অন্য রকমই হবে। ফ্রেঞ্চ ওপেন জয়ী গারবিনিয়ে মুগুরুজার তাই এমন প্রাণখোলা হাসি l এএফপি
নতুন রানি : প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দ তো অন্য রকমই হবে। ফ্রেঞ্চ ওপেন জয়ী গারবিনিয়ে মুগুরুজার তাই এমন প্রাণখোলা হাসি l এএফপি

বলটা লাইনে পড়েছে কি না সেটা জানার জন্য উৎসুক চোখে একটু অপেক্ষা করলেন। রেফারি সবুজসংকেত দিতেই দুই হাতে মুখ ঢেকে শুয়ে পড়লেন কোর্টে। গারবিনিয়ে মুগুরুজার সাদা পোশাক লাল মাটিতে মাখামাখি। কিন্তু সেসব নিয়ে ভাবার সময় কই? ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে যে তখন মুগুরুজা বিভোর! ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কাল সেরেনা উইলিয়ামসকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।
গত উইম্বলডনে এই সেরেনার কাছেই ফাইনালে হেরে গিয়েছিলেন মুগুরুজা। ২২ বছর বয়সী স্প্যানিয়ার্ডের জয়টা এক অর্থে প্রতিশোধই। ১৬ বছর পর রোলাঁ গারোতে স্পেনের কেউ মেয়েদের এককে শিরোপা জিতলেন। ১৯৯৮ সালে সর্বশেষ এ কীর্তি আরাঞ্চা সানচেজ ভিকারিওর। ইউএস ওপেনে ফ্লাভিয়া পেনেত্তা ও অস্ট্রেলিয়ান ওপেনে অ্যাঞ্জেলিক কারবারের পর টানা তিন গ্র্যান্ড স্লামের শিরোপা উঠল নতুন কোনো বিজয়ীর হাতে।
টুর্নামেন্টের শুরু থেকেই মুগুরুজা আভাস দিচ্ছিলেন, এবারের আসরটা তাঁর হতে পারে। ফাইনালের আগে হেরেছিলেন মাত্র একটা সেট। কালও সেরেনার কাছে হারবেন, কখনোই মনে হয়নি। প্রথম সেটটা ৭-৫ গেমে জেতার পর দ্বিতীয় সেটটা আরও সহজেই জিততে পারতেন। ৫-৩ গেমে পিছিয়ে থাকার সময় সেরেনা চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন। তাতে অবশ্য মুগুরুজার জয়টাই শুধু একটু বিলম্বিত হয়েছে। মুগুরুজাও পরে স্বীকার করেছেন, এর চেয়ে ভালোভাবে আর জেতা যেত না, ‘সর্বকালের সেরাদের একজনকে হারিয়েছি, আমি খুবই রোমাঞ্চিত। এটা ছিল একদম নিখুঁত একটা ফাইনাল। আমি খুবই খুশি। সেরেনা খুবই শক্তিশালী একজন খেলোয়াড়। আমি শুধু নিজের সাধ্যমতো খেলার চেষ্টা করেছি।’
সেরেনা অবশ্য হতাশ হতেই পারেন। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে স্টেফি গ্রাফের পাশে বসার হাতছানি ছিল। সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তিও হাতছানি দিচ্ছিল। কিন্তু আপাতত সেই অপেক্ষা আরেকটু বাড়ল ৩৪ বছর বয়সী সেরেনার। এএফপি।