রোলার স্কেটিংয়ের নতুন যাত্রা
গত দেড় যুগে মাত্র তিনবার হয়েছে জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। রোলার স্কেটিং ফেডারেশনের নবনির্বাচিত কমিটি তাই দেশের অপ্রচলিত খেলাটিতে প্রাণ সঞ্চারের উদ্যোগ নিয়েছে। ২৮ ও ২৯ জুন ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ-পূর্ব পাশের বাস্কেটবল কোর্টে হবে চতুর্থ জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আয়োজনের পরিকল্পনা আছে দক্ষিণ এশীয় রোলবল ও স্পিড স্কেটিংয়েরও।প্রথমে দুটি প্রতিযোগিতারই প্রাথমিক ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশের রাস্তাকে নির্ধারণ করেছিল ফেডারেশন। কিন্তু খোঁড়াখুঁড়ির কারণে সেখানে সেটা সম্ভব হচ্ছে না। পরে ভেন্যু ধানমন্ডিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেখানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন ক্লাব। ধানমন্ডিতে স্কেটিং সম্ভব নয় জানিয়ে জাতীয় প্রতিযোগিতা থেকে এর মধ্যেই পাঁচটি ক্লাব নাম প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় পর্যায়ের ইভেন্ট আয়োজন করতে কমপক্ষে ২০০ মিটার দৈর্ঘ্যের রিংয়ের প্রয়োজন। ধানমন্ডির বাস্কেটবল কোর্টে তা নেই। এই সমস্যার সমাধান করা না গেলেও ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান জানিয়েছেন, ‘আবাহনী মাঠের পাশের বাস্কেটবল কোর্ট আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। কোর্টের ওপরে শেড দেওয়ার ব্যবস্থা করছি।’