রোশনাই থেকে ম্লান আলোয়

উপচে পড়া গ্যালারি, দর্শক-গর্জনে প্রকম্পিত চারপাশ। উচ্চগ্রামে মিউজিক, আলোর রোশনাই। টিভি ক্যামেরার চোখে প্রতিটি ক্ষণ, মিডিয়ার সবটুকু মনোযোগ। একই মাঠে পরদিনই পুরো উল্টো ছবি। প্রায় খাঁ খাঁ গ্যালারি, দুই পাশে শুধু দুই দলের জনা কয়েক সমর্থকের চিৎকার। টিভি ক্যামেরা দূর অস্ত, স্রেফ দু-তিনজন সংবাদকর্মীর ইতিউতি ঘোরাফেরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ!
এমনিতে ঢাকা লিগের ছবিটা সব সময় কমবেশি এ রকমই। আন্তর্জাতিক ক্রিকেট খেলে আবার ঢাকা লিগে খেলার অভিজ্ঞতাও কারোর নতুন নয়। তার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলা ক্রিকেটারদের কাছে এবার একটু অন্য রকম হয়েই এসেছে এই অভিজ্ঞতা। আগের দিন বিকেলে আন্তর্জাতিক ম্যাচ খেলে পরদিনই যে নেমে পড়তে হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচে!
টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনই মুশফিক বলেছিলেন, ‘আমার দলের (শেখ জামাল ধানমন্ডি) অবস্থা বেশি ভালো নয়। টি-টোয়েন্টি ম্যাচ খেলেই পরদিন লিগে খেলব।’ পরে দেখা গেল শুধু বাংলাদেশ অধিনায়কই নন, বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির একাদশে থাকা আরও চারজন পরদিন খেলেছেন প্রিমিয়ার লিগে—আবদুর রাজ্জাক, নাসির হোসেন, জিয়াউর রহমান ও আল আমিন হোসেন। লিগে খেলেছেন টি-টোয়েন্টির স্কোয়াডে থাকা সৌম্য সরকার ও এনামুল হকও। আর টি-টোয়েন্টির পর একদিন বিরতি দিয়ে কালই মাঠে নামতে হয়েছে মাশরাফি বিন মুর্তজা, শামসুর রহমান ও নাঈম ইসলামকে। এই ১০ জনের মধ্যে মুশফিক, নাসির ও রাজ্জাক আবার নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন সব ম্যাচই!
অধিনায়ক বলে মাঠের বাইরেও পরিকল্পনা করা, সংবাদমাধ্যম সামলানোসহ অনেক কিছু করতে হয়েছে মুশফিককে। এমনিতে দলের সবচেয়ে ফিট ক্রিকেটার তিনি। তার পরও সিরিজ শেষে ক্লান্তিতে নুয়ে পড়াই কথা। কিন্তু পেশাদারি তো সবকিছুর আগে! দেশের অধিনায়ক হয়ে পেশাদারির একটা দৃষ্টান্ত স্থাপনের তাড়নাও নিশ্চয়ই ছিল। আর শেখ জামালের মূল অধিনায়কও তিনি, দায়িত্ববোধের ব্যাপার তো তাই ছিলই।

লিগে খেলা সবাই একবাক্যে ওই পেশাদারির কথাই বললেন। অভিযোগ নেই তাই কারও। তবে ক্লান্তি আর অবসাদটাও লুকোননি কেউ। কাল মিরপুরের ম্যাচ শেষে মোহামেডান অধিনায়ক মাশরাফি বলছিলেন, ‘লম্বা একটা সিরিজ খেললে অনেকেরই ছোটখাটো কিছু সমস্যা দেখা দেয়। আন্তর্জাতিক ম্যাচে হয়তো ওসব নিয়েই খেলে। কিন্তু লিগে খেলাটা কঠিন হয়ে যায়, রিকভারির সময়টা পাওয়া যায় না।’
ওই ক্লান্তি-শ্রান্তি, চোট-সমস্যা তো আছেই। নিজেকে অনুপ্রাণিত করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। এমন নয় যে, আন্তর্জাতিক ক্রিকেট খেলেই লিগ খেলা এই প্রথম। তবে পরদিন বা এক দিন বিরতি দিয়েই খেলতে হয়েছে বলে হুট করেই পাদপ্রদীপের আলো সরে যাওয়ায় মানিয়ে নেওয়াটা ছিল চ্যালেঞ্জ। নাসির যেমন ঘুম জড়ানো কণ্ঠে বলছিলেন, ‘আগের দিন বিকেলেই ৩০ হাজার দর্শকের সামনে খেললাম, কাল (পরশু) ফাঁকা। নিজের কাছেই কেমন ফাঁকা ফাঁকা লেগেছে।’

ওপেনার শামসুর রহমানও বললেন আবহ বদলের কথা, ‘একটু অন্য রকম তো বটেই। ড্রেসিংরুমের পরিবেশ, অন্য সবকিছুই অন্য রকম। তবে পেশাদার ক্রিকেটার মানেই এসবের সঙ্গে মানিয়ে নেওয়া শিখতে হবে।’ মাশরাফি বলছিলেন ভেতরের তাগিদের কথা, ‘ফোকাস ধরে রাখা, নিজেকে অনুপ্রাণিত করতে হুট করে একটু সমস্যা হয়। আর শরীরের ব্যাপার তো আছেই। চাইলেও অনেক সময় শরীর সাপোর্ট করে না। তবে শেষ পর্যন্ত এসবই তো পেশাদার ক্রিকেটারের চ্যালেঞ্জ।’
বুধবার যে নাসির, এনামুল, সৌম্যদের সঙ্গে এক ড্রেসিংরুমে ছিলেন জিয়াউর, পরদিনই তাঁরা ‘শত্রু।’ জিয়ার বোলিংও খেলতে হয়েছে নাসিরকে। ক্লান্তি প্রসঙ্গে জিয়া বললেন ভিন্ন কথা, ‘আন্তর্জাতিক ম্যাচে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। মাঠে সবাই দেখছে, টিভিতেও কোটি চোখ আপনার দিকে। লিগে একটু রিল্যাক্সের জায়গা আছে। হয়তো একটু ছায়ায় দাঁড়ালাম বা একটু সময়ের জন্য বাইরে গেলাম।’
তবে টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও প্রথমবার জাতীয় দলের ড্রেসিংরুমের স্বাদ পাওয়া সৌম্য সরকারের অনুভূতি আবার সবার চেয়ে আলাদা। ক্লান্তি নয়, তাঁর কণ্ঠে ছিল রোমাঞ্চ, ‘ম্যাচ খেলতে পারিনি। তার পরও লিগে খেলতে নামার সময় মনে হচ্ছিল আমি এখন জাতীয় ক্রিকেটার। হঠাৎ করেই যেন মনে হলো, আমার দায়িত্ব এখন আরও বেশি!’