রোসেল বিস্মিত ও হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্দ্রো রোসেল
সান্দ্রো রোসেল

ক্ষোভের দুয়ারই খুলে দিয়েছিলেন পেপ গার্দিওলা। অভিযোগ করেছিলেন সভাপতি সান্দ্রো রোসেলসহ বার্সেলোনার শীর্ষ কর্তারা তাঁকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। রোসেল অবশ্য এই অভিযোগের জবাবে মৌনব্রতই পালন করে আসছিলেন। তবে গত পরশু কাতালান টিভি চ্যানেল এইটটিভির কাছে মুখ খুললেন। গার্দিওলার অভিযোগকে উড়িয়ে দিলেন ‘অমূলক’ বলে।
গার্দিওলা অভিযোগ করেছিলেন, বার্সার শীর্ষ কর্তারা ভিলানোভার অসুস্থতাকে তাঁর বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করেছেন। ভিলানোভা নিউইয়র্কে চিকিৎসা নেওয়ার সময় গার্দিওলা তাঁর সাবেক সহকর্মীকে দেখতে যাননি বলে খবর ছড়ানো হয়েছে বলে ক্ষোভ জানিয়েছিলেন বায়ার্নের নতুন কোচ। তবে রোসেল বলেছেন, ‘বোর্ড সম্পর্কে সে যা বলেছে, সেটা পুরোপুরি অসত্য। আমরা সবাই তার মন্তব্যে আহত। ক্লাবের সেরা কোচ সম্পর্কে আমরা কী বলেছি, সেটা জানতে আপনারা চাইলে রেকর্ড ঘেঁটে দেখতে পারেন। আমি বিস্মিতও, কারণ যখন আপনি অভিযোগ করবেন, তখন সেটা প্রমাণ করার দায়ও আপনার। আমরা কখনোই টিটোর অসুস্থতাকে ব্যবহার করব না। সত্যি বললে ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। আমি জানি না, তাকে নিজের মতো থাকতে দেওয়ার কথা বলে সে কী বুঝিয়েছে। ন্যু ক্যাম্প ছাড়ার পর ও বায়ার্নে যোগ দেওয়ার আগে আমাদের আর কথাই হয়নি। তখন আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম।’
বার্সেলোনার ভাবমূর্তির জন্য ব্যাপারটা ভালো হলো না বলেই খেদ রোসেলের, ‘ব্যাপারটা বার্সার জন্য ভালো হলো না। তবে এটা ক্লাবে তার অসাধারণ সময়, নিজেদের খেলোয়াড় নিয়ে এতগুলো ট্রফি জেতার কৃতিত্বে কোনো ছায়া ফেলবে না।’ ক্লাবের স্বার্থেই ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘আমি বার্সা সমর্থকদের আহ্বান জানাচ্ছি অতীত থেকে শিক্ষা নেওয়ার। ইয়োহানের (ক্রুইফ) সময়ে ক্লাব ক্রুইফপক্ষীয় ও ক্রুইফবিরোধী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। আমি চাই না গার্দিওলা-সমর্থক বা গার্দিওলা-বিরোধী এমন কিছু হোক। আমি চাইব, বার্সা সদস্যরা তাকে একজন জীবন্ত বার্সেলোনা কিংবদন্তি হিসেবেই মনে রাখবে।’ ওয়েবসাইট।

পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা