রোহিতময় দ্বিতীয় দিন

ইডেনে আজ সকালটা এসেছিল শচীন টেন্ডুলকারের ব্যাটিং-রস উপভোগের প্রত্যাশায়। কিন্তু শচীনের ব্যর্থতা সেই প্রত্যাশায় জল ঢেলে দিলেও দিন শেষে সমর্থকদের আনন্দ দিয়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে বিলম্বিত অভিষিক্ত এই ব্যাটসম্যান তাঁর প্রতিভার পরিপূর্ণ স্ফূরণ ঘটিয়ে কলকাতা মাতিয়েছেন দারুণ এক শতরানে। শেন শিলিংফোর্ডের দারুণ বোলিং মাঝের বেশ কিছুটা সময় ভারতকে বিপাকে ফেললেও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৯৮ রানের এক অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই বিপদ থেকে ভারতকে রক্ষা করেছেন ওই রোহিতই। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ১২০ রানে এগিয়ে থেকে ভারত এই মুহূর্তে নিজেদের নিরাপদ ভাবতেই পারে।
স্কোরবোর্ডে ৩৭ রান নিয়ে কাল প্রথম দিন শেষ করেছিল ভারত। এর আগে টসে জিতে ব্যাট করা ক্যারিবীয়দের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল সাকল্যে ২৩৪ রান। শিখর ধাওয়ান আর মুরলি বিজয়ের উদ্বোধনী জুটিটা অবশ্য আজ দ্বিতীয় দিন সকালে বেশি দূর যেতে পারেনি। দলীয় ৪২ রানে শিলিংফোর্ডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৩। এরপর ৫৭ রানে ওই শিলিংফোর্ডের বলেই উইকেটরক্ষক দীনেশ রামদিন স্টাম্পড করেন বিজয়কে। এর পরই মাঠে রাজসিক আবির্ভাব ঘটে ইডেনে শেষ আর ক্যারিয়ারের শেষের আগের টেস্ট ম্যাচটি খেলতে নামা শচীন টেন্ডুলকারের।
বিপুল প্রত্যাশা তো ছিলই। ইডেনের দর্শকেরা ‘মাস্টার ব্লাস্টারে’র কাছ থেকে দারুণ একটা ‘ব্লাস্ট’ই প্রত্যাশা করেছিলেন। কিন্তু টেন্ডুলকার দর্শকদের এই প্রত্যাশা পূরণে বিপুলভাবেই ব্যর্থ।
টেন্ডুলকারকে ঘিরে ইডেনের পার্টি বরবাদ করে দেন শিলিংফোর্ড। তাঁর অসাধারণ এক দুসরায় বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত ১০ রানে এলবির ফাঁদে পড়েন তিনি। অথচ এই শিলিংফোর্ডকেই কী অসাধারণ দুটো শটে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে নিজের ইনিংস শুরু করেছিলেন ‘লিটল মাস্টার’।
এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষিক্ত বাঁহাতি পেসার শেলডন কটরেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন চেতেশ্বর পূজারা।
টেন্ডুলকার যখন ফেরেন, তখন স্কোরবোর্ডে ভারতের রান ৮২। এর সঙ্গে আর মাত্র একটি রান যোগ করেই শিলিংফোর্ড নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে। শিলিংফোর্ডের বলে বিভ্রান্ত কোহলির ক্যাচটি ‘ব্যাট-প্যাড’ হয়ে শর্ট লেগে আশ্রয় নেয় কাইরন পাওয়েলের হাতে।
৮৩ রানে ৫ উইকেট নেই। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তখনো ভারত পিছিয়ে ১৫১ রানে! কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন রোহিত শর্মা আর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুজন ধীরলয়ে নিজেদের মধ্যে গড়ে তোলেন ৭৩ রানের জুটি। ধোনিকে ব্যক্তিগত ৪২ রানে ফেরান টিনো বেস্ট। উইকেটের পেছনে তাঁর ক্যাচ ধরেন রামদিন।
এর পরের পুরো সময়টাই ছিল ছিল রোহিত শর্মার। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের। ২২৮ বল খেলে ১৬টি চার আর একটি ছয়ে ১২৭ রানে এখনো অপরাজিত রোহিত। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে অপরাজিত অশ্বিন। ১৪৮ বল খেলে ১০টি চারে সাজানো অশ্বিনের ইনিংসটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বুঝতে ভুল করবেন—এমন ক্রিকেটপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সূত্র: রয়টার্স।