রোহিতের দ্বিশতক, ভারতের রানের পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিত শর্মা
রোহিত শর্মা

ছয় মারার নেশাতেই যেন পেয়ে বসেছিল রোহিত শর্মাকে। সাধারণত যেভাবে ব্যাটসম্যানরা সিঙ্গেল নেন, সেভাবেই একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। করেছেন এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬টি ছয় মারার নতুন রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছেন দ্বিশতক। ফলাফল: ভারতের রানের পাহাড়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে এখন জয়ের জন্য অস্ট্রেলিয়াকে পেরোতে হবে ৩৮৩ রানের দুরূহ লক্ষ্য।

৪০ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে  ২৩২ রান। ভারতের খুব বেশি আশাবাদী সমর্থকও হয়তো ৫০ ওভার শেষে স্কোরটা ৩২০/৩৩০-এর বেশি ভাবতে পারেননি। কিন্তু শেষ ১০ ওভারে ধোনি আর রোহিত শর্মা সংগ্রহ করেছেন ১৫১ রান। এর মধ্যে ১০০ রানই এসেছে শেষ ৫ ওভার থেকে। পঞ্চম উইকেটের এই বিধ্বংসী জুটি থেকেই এসেছে ভারতের ১৬৭ রান।

অথচ রোহিতের শুরুটা হয়েছিল খুবই ভিন্নভাবে। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল দারুণ ফর্মে থাকা বিরাট কোহলিকে। সে সময় হয়তো অনেকেই দুষেছিলেন রোহিতকেই। কিন্তু কোহলির অভাবটা তো টের পেতে দিলেনই না, বরং পুরোটা সময় সমর্থকদের বিমোহিত করে রাখলেন ভারতের এই ডানহাতি ওপেনার। ১৬টি ছয় ও ১২টি চারে সাজানো ২০৯ রানের ইনিংসটি খেলার পথে রোহিত খেলেছেন ১৫৮টি বল। তাঁর পরের ১০০ রান এসেছে মাত্র ৪২ বলে।

শেষের মতো শুরুটাও ভালোভাবেই করেছিল ভারত। শিখর ধাওয়ানের সঙ্গে রোহিতের ১১২ রানের জুটিটি ভারতকে গড়ে দিয়েছিল শক্ত ভিত্তি। কিন্তু মাঝখানে বৃষ্টির পর ঘটে ছন্দপতন। ১৭ ওভার শেষে বৃষ্টি নেমেছিল। খানিকক্ষণ খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই ১৯তম ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ধাওয়ান। পরের ওভারেই রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির ফাঁদে পড়ে ফিরে যান কোহলিও। তৃতীয় উইকেটে ৭২ রানের ঝোড়ো জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছেন রোহিত ও সুরেশ রায়না। ব্যাট হাতে আজও সফল হতে পারেননি যুবরাজ সিং। রায়না ২৮ রান করে ফিরে যাওয়ার পর যুবরাজ আউট হয়েছেন ১২ রান করে।

তবে এরপর অস্ট্রেলিয়ার বোলারদের দুঃস্বপ্ন হিসেবেই যেন হাজির হয়েছিলেন রোহিত আর ধোনি। চার-ছয়ের ফুলঝুড়িতে সত্যিই দুর্বিষহ করে তুলেছিলেন ক্লিন্ট ম্যাককে, ফাল্কনার, ডোহার্টিদের জীবন। পঞ্চম উইকেটে ধোনি আর রোহিত ১৬৭ রানের জুটিটি গড়েছেন মাত্র ৯৪ বলে। এর আগে অস্ট্রেলিয়া ওয়ানডেতে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে জয়ের দেখা পেয়েছিল। আজ ভারতের বিপক্ষে এই ম্যাচটা জিততে হলে তাই নতুন একটি রেকর্ডই গড়তে হবে সফরকারীদের।