র‍্যাঙ্কিং বাড়াতে চান মাহবুব-মানস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ জার্মানি যাচ্ছে বাংলাদেশ দল। জার্মানির ডুসেলডর্ফে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এবারের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে। মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, মাসুদ রানা পরাগ, রাহিমা আক্তার ও মৌমিতা আলম রুমি খেলবেন বাংলাদেশ দলের হয়ে। বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ডে ওঠা। ২০১৪ সালে জাপানে দলগত ইভেন্টে এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবারও মাহবুব-মানসরা অন্তত দ্বিতীয় রাউন্ডে উঠতে চান। পাশাপাশি নিজেদের র‍্যাঙ্কিং বাড়ানোর সুযোগও থাকছে বলে জানালেন মানস চৌধুরী, ‘এসব প্রতিযোগিতায় বেশি দূর যাওয়া আমাদের জন্য কঠিনই। তবে আমরা এখানে খেলে নিজেদের ব্যক্তিগত র‍্যাঙ্কিং বাড়িয়ে নিতে চাই। মাহবুব আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৫৫০তম স্থানে রয়েছেন, আমার সর্বশেষ র‍্যাঙ্কিং ৫৫৭। এবার এই র‍্যাঙ্কিং পয়েন্ট আরও বাড়িয়ে নিতে চাই।’