রয় তাণ্ডবে অসহায় নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড পারে না, এটাই আসলে শেষ কথা! খেলাটি যখন ক্রিকেট, আর মঞ্চ যখন সেমিফাইনাল, তখন তাসমানিয়ান এই দেশটি কোনো ভাবেই কিছু করতে পারে না। ২০১৫ বিশ্বকাপের স্মৃতিটা ভুলে যান। সত্য হলো ক্রিকেটের সব ধরনের বিশ্বকাপে এ নিয়ে আটবার সেমিফাইনাল থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। যে তালিকায় সর্বশেষ সংযুক্তি আজকের সেমিফাইনাল। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে আবারও খালি হাতে ফিরল কিউইরা।
ইংল্যান্ডের কাছে হেরেছে কথাটিতে নিউজিল্যান্ড দল আপত্তি করতে পারে। দল হিসেবে ইংল্যান্ডের সঙ্গে লড়ার সুযোগই যে মিলল না তাদের। নিউজিল্যান্ডকে যে একাই হারালেন জেসন রয়! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কোনো ফিফটি ছিল না রয়ের। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রান তাড়া করা সেই অবিশ্বাস্য ম্যাচে। সেদিন রয়ের ওই ইনিংসটি ইংল্যান্ডকে দেখিয়েছিল জয়ের পথ। কাল আর পথ দেখিয়েই থেমে থাকলেন না, ম্যাচটি একেবারে দলের হাতের মুঠোয় পুরেই মাঠ ছেড়েছেন। প্রথম ওভারেই চারটি চার দিয়ে শুরু করেছিলেন, থামলেন ইশ সোধির নিচু হয়ে যাওয়া একটি বলে বোল্ড হয়ে। তার আগে যা করলেন, সেটির বর্ণনা নিউজিল্যান্ডের বোলাররা একটি শব্দেই দিতে পারবেন, ‘অত্যাচার’! ৪৪ বলে ৭৮ রান, ১১ চার ২ ছক্কা। না, এ পরিসংখ্যানও বোঝাতে পারছে না রয়ের ইনিংসের গুরুত্ব। এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই যেকোনো পুঁজি নিয়ে লড়াই করার মানসিকতা দেখিয়েছেন নিউজিল্যান্ড বোলাররা। ইশ সোধি-স্যান্টনার-ম্যাককালামে হাবুডুবু খেয়েছে সব দল। নিউজিল্যান্ড স্পিনারদের সেই সুযোগই দিলেন না রয়।
১৫৩ তাড়া করতে নেমে প্রথম ৪ ওভারেই ৪৯ রান তুলে ফেলেন ইংলিশ ওপেনাররা। পঞ্চম ওভারে বল করতে এসে স্যান্টনার দিয়ে বসেন ১০ রান। ওপেনারদের এই ঝড় চলে ৮ ওভার পর্যন্ত। তাতেই ইংল্যান্ডের স্কোর ৮২। ও, ওপেনাররা বলা হলেও রান তো আসলে করেছেন ওই রয়। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত অ্যালেক্স হেলস যে উইকেটে ছিলেন তা বোঝারই উপায় ছিল না। সঙ্গীর রুদ্রমূর্তি দেখে বড় বেশি ‘ঠান্ডা’ হয়ে ছিলেন হেলস, ১৯ বলে ২০ রান করে তিনি ফিরেছেন স্যান্টনারের বলে। তার আগেই ফিফটি করে ফেলেছেন রয়। ২৬ বলে ৫০ ফিফটি ছুঁয়েও থামেননি, ঝড়টিকে টেনে নিয়েছেন ১২ ওভার পর্যন্ত। দলের ১১০ রানে যখন আউট হলেন, ততক্ষণে ম্যাচের ফল নিয়ে কারও কোনো আগ্রহ থাকার কথা নয়। যতই ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার বিজ্ঞাপন হোক, ইংল্যান্ডের জয় তখন হাতের মুঠোয়। ৪৭ বলে ৪৪ রানের ওই সমীকরণ মেলাতে ইংল্যান্ডের লেগেছে মাত্র ৩০ বল আর ১ উইকেট।
টস জিতে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান ফিল্ডিং বেছে নিয়েছেন কী বুঝে, তা নিয়ে বেশ কথা চালাচালি হয়েছিল। এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করে জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু সেদিকে নজর না দিয়ে নিজেদের শক্তির জায়গা, রান তাড়ার কথা মাথায় রেখেই হয়তো সিদ্ধান্তটা নিয়েছিলেন। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, তা কী দারুণভাবেই না প্রমাণ করলেন রয়। সূত্র: ক্রিকইনফো।