র্যাঙ্কিং অবনমনে ব্রাজিলের নতুন রেকর্ড
ফিফা র্যাঙ্কিং অবনমনে নতুন এক ‘রেকর্ড’ই করে ফেলেছে ব্রাজিল। সর্বশেষ র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২২ নম্বরে। এটাই ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের সর্বকালের সর্বনিম্ন অবস্থান। ঘানা আর মালির মতো মাঝারি মানের দুটি দলের মাঝখানে স্যান্ডুইচ হয়ে আটকে আছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।গত বছরের নভেম্বর থেকেই ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন শুরু হয়েছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের। সে সময় ১৩ নম্বর অবস্থান থেকে তারা নেমে গিয়েছিল ১৮-তে। এরপর আরও এক ধাপ নেমে তারা চলে গিয়েছিল ১৯-এ। এবার একবারে তিন ধাপ নেমে ব্রাজিলের সর্বশেষ অবস্থান দাঁড়িয়েছে ২২ নম্বরে। এর আগে কখনো এতখানি নিচে নামতে হয়নি ফুটবল-জগতের অন্যতম এই পরাশক্তিকে। ব্রাজিলের এই রেকর্ড অবনমনের অন্যতম প্রধান কারণ সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স। শেষ ছয়টি ম্যাচের চারটিতেই ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। পরবর্তী বিশ্বকাপের আয়োজক হিসেবে বাছাইপর্বের খেলাগুলোও খেলতে হচ্ছে না তাদের। এর ফলে গত দুটি বছর ব্রাজিল পার করেছে খুবই সীমিত কিছু প্রীতি ম্যাচ খেলে। এটাও একটা বড় প্রভাব ফেলেছে ফিফার র্যাঙ্কিংয়ের জটিল হিসাব-নিকাশে। প্রথম চারটি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে। স্পেনের পর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানের দখল ধরে রেখেছে জার্মানি, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস।— রয়টার্স