
র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হলে কার না ভালো লাগে! ভালো লাগে আমারও। তবে আইসিসির র্যাঙ্কিংয়ে খেলোয়াড়দের ওঠানামাটা নির্ভর করে দুটি জিনিসের ওপর। নিজের ভালো খেলা বা খারাপ খেলা কিংবা অন্যের ভালো খেলা বা খারাপ খেলা। নিজে ভালো খেলে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠলে আমার যতটা ভালো লাগে বা মজা লাগে, অন্যের খারাপ খেলার সুযোগে ওপরে উঠলে তেমনটা লাগে না। সত্যি বললে, তাতে আমার বিশেষ কোনো অনুভূতিই হয় না।
র্যাঙ্কিংয়ের খবর অন্য কারও কাছ থেকেই পাই সব সময়। এমন না যে, কত নম্বরে উঠলাম বা নামলাম সেটা জানার জন্য আমি মুখিয়ে থাকি। ইন্টারনেটেও এসব ঘাঁটাঘাঁটি করি না। পত্রপত্রিকায় পড়ি, টেলিভিশনে দেখি বা বন্ধুরা খবর দেয়। বেশির ভাগ সময় এভাবেই জানা হয় আমি বিশ্বের কত নম্বর অলরাউন্ডার। তবে ওই যে বললাম, এ ব্যাপারে আমার আগ্রহটা নির্ভর করে কীভাবে আমি বিশ্বসেরা হলাম তার ওপর। নিজে ভালো খেলে এক নম্বর হলে তো অবশ্যই খবরগুলো আগ্রহ নিয়ে পড়ি। তখন ভেতরে ভেতরে বাড়তি একটা অনুপ্রেরণাও বোধ করি।
টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হতে একসময় ক্যালিসের সঙ্গে ‘লড়াই’ ছিল আমার। এখন যেমন ওয়ানডেতে মোহাম্মদ হাফিজের সঙ্গে। কিন্তু বিশ্বাস করুন, র্যাঙ্কিংয়ের প্রতিদ্বন্দ্বীরা কোথায় কেমন খেলল, আমি সেটা নিয়ে একদমই মাথা ঘামাই না। তারা তাদের খেলা খেলে, আমি আমার খেলা খেলি। দলে তাদের এক ধরনের ভূমিকা, আমার আরেক ধরনের ভূমিকা। কাজেই তাদের কেউ ভালো খেলে ফেললে ‘আমি কী করলাম! আমি কী করলাম!’ বলে হাহুতাশ করার কোনো কারণ দেখি না।
সেই কৈশোরে পাকিস্তানের সমর্থক ছিলাম, তখন পাকিস্তানের খেলা খুব দেখতাম। এখন বাংলাদেশের পক্ষে খেলছি, অন্য কোনো দেশকে সমর্থন করার প্রশ্নই ওঠে না, ব্যস্ততার কারণে খেলা-টেলাও দেখা হয় কম। কাজেই ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলা মোহাম্মদ হাফিজ কী করল বা টেস্টের এক নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন কেমন খেলল, সেসব আমার ভাবনায়ও আসে না। তবে হ্যাঁ, কিছু ব্যাটসম্যানের ব্যাটিং আমার ভালো লাগে। সুযোগ পেলে তাদের খেলা দেখি। এখন যেমন ভালো লাগছে মাইকেল ক্লার্কের ব্যাটিং দেখতে। মনে হচ্ছে এবারের অ্যাশেজটাতে ভালো খেলবে ক্লার্ক।
ভালো লাগে ক্যালিসের খেলাও। তবে ক্যালিস এমন মানুষ, ওকে প্রতিদ্বন্দ্বী ভাবাটা খুব কঠিন। ওকে যে খুব পছন্দ করি। চুপচাপ স্বভাবের। অপ্রয়োজনে কথা বলে না। আইপিএলে দুই বছর এক দলে খেলেও ‘হাই-হ্যালো’ ছাড়া খুব বেশি কথা হয়নি তাঁর সঙ্গে। ক্রিকেটার হিসেবেও অন্য এক উচ্চতায় তাঁর অবস্থান। আমি তো বলব, ক্যালিস যেদিন খেলা ছেড়ে দেবে, শচীন টেন্ডুলকারের মতোই রাজকীয় বিদায় হওয়া উচিত তাঁর। ক্যালিস ভারতীয় হলে তো অবশ্যই তা হতো।
র্যাঙ্কিং প্রসঙ্গে ফিরে আসি। আগেই বলেছি, নিজে কিছু করে র্যাঙ্কিংয়ে ওপরে ওঠাটা আমি উপভোগ করি। তখন মনে হয়, ধারাবাহিকভাবে ভালো খেললে তো সব সমই শীর্ষে থাকা যায়! কিন্তু শীর্ষস্থান ধরে রাখার জন্য ভালো খেলতেই হবে, সে রকম কোনো বাড়তি টেনশন কাজ করে না আমার মধ্যে। র্যাঙ্কিং মাথায় রেখে আমি কিছু করি না। কাজেই এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না। এই সুযোগে আরেকটা কথাও বলে রাখি। সেরা অলরাউন্ডার হওয়ার চেয়ে ব্যাটিং বা বোলিংয়ে যদি এক নম্বর হতে পারি, সেটিতে অনেক বেশি গর্ব অনুভব করব।
সেটি হলে ভালো। তবে সেই লক্ষ্য নিয়ে খুব ভাবছি বললে ভুল বলা হবে। খুব দূরেও তাকাতে চাই না। আপাতত লক্ষ্য একটাই—আগামী বছরটা যেন সুস্থ থেকে খেলতে পারি। ইনজুরিতে পড়ে ২০১৩ সালে অনেক খেলা মিস করেছি। এ রকম আর চাই না। খেলতেই যদি না পারি, র্যাঙ্কিং দিয়ে কী হবে!