র‌্যাঙ্কিং নিয়ে মর্মপীড়ায় ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নেই অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর তাদের অবস্থান এখন চতুর্থ স্থানে। ১১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে গত তিন বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানটা হারাতে হয়েছে অসিদের। ব্যাপারটা নিদারুণ পীড়া দিচ্ছে অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ককে। এই মর্মপীড়ার জ্বালা জুড়াতে সতীর্থদের কাছে আবেদন রেখেছেন ঘুরে দাঁড়ানোর। তাঁর আশা, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়াবে তাঁর দল।এ মাসের শেষ থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই হবে অসিদের শেষ প্রস্তুতি। তাই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য এখনই ঘুরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময় বলে মনে করছেন ক্লার্ক। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘এখনই একদিনের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। যারা এ রকম কন্ডিশনে আগে কখনো খেলার সুযোগ পায়নি, তারা হয়তো অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেয়েছে। কিন্তু অবশ্যই আমরা কাঙ্ক্ষিত ফলটা পাইনি। কাজেই আমার মনে হয়, এখনই আমাদের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময়।’টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তৃতীয় স্থানে। টি-টোয়েন্টিতে অবস্থা আরও খারাপ; সেখানে তারা আছে নবম স্থানে। নিউজিল্যান্ড আর বাংলাদেশেরও পেছনে। এমন র‌্যাঙ্কিং নিয়ে মোটেও সন্তুষ্ট নন মাইকেল ক্লার্ক। আর এখন বিশ্বক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের দিকেই নজর দিচ্ছেন অস্ট্রেলীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘আইসিসি র‌্যাঙ্কিংয়ে আমাদের যা অবস্থা, তা যে একেবারেই গ্রহণযোগ্য নয় সেটা সব ক্রিকেটারই জানে। আমরা দলগতভাবে কী করতে পারি, সেটাই এখন দেখার বিষয়। সবকিছুই এখন আমাদের হাতে। ব্যক্তিগত পর্যায়ে ও দলগতভাবে র‌্যাঙ্কিং উন্নয়ন করার জন্য এখনই আমাদের কিছু করতে হবে।’ ইএসপিএন।