র‌্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে অখুশি আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সম্প্রতি আইসিসি ঘোষণা করেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান যদি উইন্ডিজকে হোয়াইটওয়াশও করে, এর পরও তারা র্যাঙ্কিংয়ের ৬ নম্বরেই থাকবে। এরই মধ্যেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে পাকিস্তান।আইসিসির এই ঘোষণার পর র‌্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আফ্রিদি বলেছেন, ‘আমি এই ব্যবস্থাটা বুঝতে পারি না। সফরকারী দলকে সব সময়ই একটু সুবিধা দাবি করে। কারণ অন্য দেশের মাটিতে গিয়ে সিরিজ জেতাটা কখনই সহজ নয়; প্রতিপক্ষ যে-ই হোক না কেন। বর্তমান এই র‌্যাঙ্কিং ব্যবস্থায় ওপরের দিকে যাওয়া খুবই কঠিন। এটা কীভাবে কাজ করে, সেটাই ভালোমতো বোঝা যায় না।’আফ্রিদিই প্রথম ব্যক্তি নন, এর আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সমালোচনা এসেছে শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার কাছ থেকে। তিনি এটাকে উল্লেখ করেছিলেন অন্যায্য বলে। তবে এই মুহূর্তে অবশ্য র‌্যাঙ্কিংয়ের চেয়ে সিরিজের বাকি ম্যাচগুলোর দিকেই বেশি নজর দিচ্ছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘সিরিজটা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এটাই আমাদের প্রধান মনোযোগের বিষয়। এটা পাকিস্তানের বর্তমান তরুণ দলকে অনেক উদ্বুদ্ধ করবে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।