র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
মার্চের শুরুতে কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। কাল প্রকাশিত ফিফার র্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে পড়েছে সেটার প্রতিফলন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়েছে ১২ ধাপ। ১৬৯তম স্থানে থাকা বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং ১৫৭। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশ। ১৪১তম স্থানে থাকা আফগানিস্তান প্রথম আর ১৪৩তম স্থানে থাকা ভারত দ্বিতীয় স্থানে। চতুর্থ মালদ্বীপ (১৬১), পঞ্চম পাকিস্তান (১৭১), ষষ্ঠ শ্রীলঙ্কা (১৭৩), সপ্তম নেপাল (১৭৫), অষ্টম ভুটান (২০৭)।র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি যথারীতি স্পেনের। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় জার্মানি ও আর্জেন্টিনা। তাদেরও অবস্থানের কোনো হেরফের হয়নি। ব্রাজিল অবশ্য সেরা দশের বাইরে অনেক দিন থেকেই। ১৮তম স্থানে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে আন্তর্জাতিক ম্যাচের চেয়ে প্রীতি ম্যাচ বেশি খেলছে। যে কারণে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থার পরিবর্তনটাও খুব একটা হচ্ছে না। এবারের র্যাঙ্কিংয়ে সেরা দশে অবশ্য নতুন কোনো দেশ উঠে আসেনি। আগের মতোই চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড, পঞ্চমে ইতালি ও ষষ্ঠ স্থানে কলম্বিয়া। এক ধাপ নেমে সাতে রোনালদোর পর্তুগাল। অষ্টম হল্যান্ড, নবম ক্রোয়েশিয়া ও দশম রাশিয়া। এক ধাপ ওপরে উঠেছে ইকুয়েডর (১১)। এ ছাড়া এক ধাপ করে নিচে নেমে গ্রিস ১২তম ও আইভরি কোস্ট ১৩তম। স্থান অপরিবর্তিত আছে সুইজারল্যান্ড (১৪), মেক্সিকো (১৫), উরুগুয়ে (১৬) ও ফ্রান্সের (১৭)। এক ধাপ ওপরে উঠে বেলজিয়াম ১৯তম, তাদের জায়গায় নেমে এসেছে ঘানা। পয়েন্ট ও র্যাঙ্কিং দুটিতেই সবচেয়ে বড় লাফটি দিয়েছে আফগানিস্তান, ১৫১ পয়েন্ট বেড়েছে তাদের, এগিয়েছে ৪৮ ধাপ।