র্যাঙ্কিংয়ে মুমিনুলের উল্লম্ফন
চট্টগ্রামে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করেই আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ৫০-এ উঠে এসেছিলেন মুমিনুল হক। এরপর মিরপুর টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান। বৃষ্টি এসে না থামালে কোথায় থামতেন কে জানে। তবে পুরস্কারটাও নগদে পেয়ে গেছেন। আইসিসি র্যাঙ্কিংয়ে আরও ১৭ ধাপ এগিয়ে ৩২-এ উঠে এসেছেন মুমিনুল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শুধু সাকিব আল হাসান (৩০, -১) ও তামিম ইকবালই (৩১, +৬) আছেন তাঁর ওপরে। পরিবর্তন এসেছে ব্যাটিংয়ের শীর্ষস্থানে, দুবাই টেস্টে সেঞ্চুরি করে হাশিম আমলাকে টপকে শীর্ষে উঠেছেন সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।
বোলিংয়ে এক ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন সাকিব। সোহাগ চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০-এ। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা সাকিব (৩৬২) ব্যবধান বাড়িয়েছেন জ্যাক ক্যালিসের (৩৩২) সঙ্গে। তথ্যসূত্র: ক্রিকেট রেটিংস ডট কম