র্যাঙ্কিংয়ে ৬১তম ইমদাদুল
ক্রিকেটের লর্ডস এবারের অলিম্পিকে হয়ে গেছে আর্চারির। মূল প্রতিযোগিতাটা হবে লর্ডসের মাঠেই। তবে কাল র্যাঙ্কিং প্রতিযোগিতাটা হলো বাইরের নার্সারি মাঠে। জোড়ায় জোড়ায় লড়াইয়ের জন্য বাছাই তালিকা চূড়ান্ত করতে হয়। ৬৪ জন আর্চার একসঙ্গে সেই প্রতিযোগিতায় নামলেন। ১২ বারে ৬টি করে তির ছোঁড়ার পর চূড়ান্ত হলো বাছাই তালিকা। যাতে ৬৩৬ পয়েন্ট স্কোর করে ৬৪ জনের মধ্যে ৬১তম বাংলাদেশের ইমদাদুল হক (মিলন)।প্রথম রাউন্ড শেষে ইমদাদুল নবম স্থানে ছিলেন। পরে নামতে নামতে একেবারে শেষের দিকে। এতে ৩০ জুলাই তাঁকে প্রথমেই লড়তে হবে ৬৮০ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ গ্রেট ব্রিটেনের ল্যারি গডফ্রের সঙ্গে। এই অলিম্পিকের প্রথম রেকর্ডটি অবশ্য হয়ে গেছে রিকার্ভ বোর র্যাঙ্কিং ইভেন্টেই। দক্ষিণ কোরিয়ার ইম ডং-হিউন ৬৯৬ স্কোর করে ভেঙেছেন গত মে মাসে করা নিজেরই রেকর্ড। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড ছিল ১৯৯৬ সালে, করেছিলেন ইতালির মিশেল ট্রানগেলি ৬৮৪ স্কোর করে। ইম অনেক দিন ধরেই ক্রীড়াঙ্গনের এক বিস্ময়। বাঁ চোখে দৃষ্টিশক্তি ২০/২০০, যার অর্থ কোনো কিছু দেখতে ২০/২০ ভিশনের স্বাভাবিক কারও চাইতে তাঁকে দশ গুণ কাছে যেতে হয়। ‘লিগ্যালি ব্লাইন্ড’ এই কোরিয়ানের লক্ষ্যভেদের খেলায় এমন ওস্তাদির ব্যাখ্যা পাওয়া একটু কঠিনই।