র্যাঙ্কিংয়েও লাফ ম্যাককালামের
অবিশ্বাস্য এক ইনিংস। ব্রেন্ডন ম্যাককালাম ওয়েলিংটনে শুধু ম্যাচ-বাঁচানো অসাধারণ এক ইনিংসই খেলেননি, নিউজিল্যান্ডকে উপহার দিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়ে ম্যাককালাম ভাসছেন প্রশংসার বন্যায়, স্বীকৃতি পেয়ে গেলেন র্যাঙ্কিংয়েও। সর্বশেষ আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন কিউই অধিনায়ক। আট ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন ম্যাককালাম। ম্যাককালামের সঙ্গে দ্বাদশ স্থানটা ভাগাভাগি করছেন সেঞ্চুরিয়নের সেঞ্চুরিয়ান অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার এগিয়েছেন তিন ধাপ। আইসিসি বিজ্ঞপ্তি।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ওয়েলিংটনে ৩৮ ও অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো শীর্ষ দশে ঢুকে পড়েছেন ভারতের বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যান আছেন নয়ে।
বোলিংয়ে ধারাবাহিক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার ছাপটা র্যাঙ্কিংয়েও রেখেছেন মিচেল জনসন। ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদেরও নাকানিচুবানি খাওয়ানো অস্ট্রেলীয় ফাস্ট বোলার পাঁচ ধাপ এগিয়েছেন সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে। উঠে এসেছেন চতুর্থ স্থানে। সর্বশেষ ছয় টেস্টে ৪৯ উইকেট নেওয়া এই বাঁহাতি ২০১০ সালের পর আবার জায়গা পেলেন শীর্ষ পাঁচে। ২০০৯ সালের ম্যার্চে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন জনসন।
এই মুহূর্তে জনসনের ছায়ায় ঢাকা পড়েছেন, কিন্তু কয়েক বছর ধরে বিশ্বের অবিসংবাদিত সেরা বোলার ডেল স্টেইন নীরবেই পুনরুদ্ধার করেছেন হারানো সিংহাসন। মাত্র ৫৫ দিন পরই সতীর্থ ভারনন ফিল্যান্ডারকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠেছেন স্টেইন। সেঞ্চুরিয়নে ৬ উইকেট নেওয়া প্রোটিয়া ফাস্ট বোলার এর আগে ২০০৯ সালের জুলাই থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত টানা ১৬৩০ দিন এক নম্বর বোলার ছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ে।
টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা পাঁচ
ব্যাটসম্যান
দেশ রেটিং
১ (-) এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ৯২৬*
২ (-) কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ৮৭৯
৩ (-) শিব চন্দরপল ও. ইন্ডিজ ৮৭৬
৪ (-) হাশিম আমলা দ. আফ্রিকা ৮৫০
৫ (-) রস টেলর নিউজিল্যান্ড ৮৪২
বোলার
দেশ রেটিং
১ (+১) ডেল স্টেইন দ. আফ্রিকা ৯০১
২ (-১) ভারনন ফিল্যান্ডার দ. আফ্রিকা ৮৯৮
৩ (-) রায়ান হ্যারিস অস্ট্রেলিয়া ৮৫২
৪ (+৫) মিচেল জনসন অস্ট্রেলিয়া ৮১৯
৫ (-১) সাঈদ আজমল পাকিস্তান ৭৮৭
* ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্ট