র্যাঙ্কিংয়েও সেরা জার্মানি
সমীকরণটা ছিল সহজ। আর্জেন্টিনা বা জার্মানি মারাকানার ফাইনালটা জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেই পেয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম স্থানটাও। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, জোয়াকিম লোর দল এখন বিশ্বের এক নম্বর দলও।
১৯৯৪ সালের জুন মাসের পর আবার শীর্ষে ফিরল জার্মানি। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে জার্মানির পরেই আছে আর্জেন্টিনা। তিনে বিশ্বকাপে তৃতীয় হওয়া হল্যান্ড। অবশ্য চারে বিশ্বকাপের চার নম্বর দল ব্রাজিলের জায়গা হয়নি, স্থানটা দখল করেছে প্রতিবেশী কলম্বিয়া। চার ধাপ পিছিয়ে ব্রাজিল নেমে গেছে সাতে। বিশ্বকাপ-ব্যর্থতার মাশুল দিয়ে গত চার বছরে এক নম্বর স্থানটা পাকাপাকিভাবে নিজেদের করে নেওয়া স্পেন নেমে গেছে আটে।
একমাত্র ব্রাজিল বাদে কোয়ার্টার ফাইনালে ওঠা সব দলেরই উন্নতি হয়েছে। বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকা ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে নিজেদের ইতিহাসের সেরা ১৬তম স্থানে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া তিন দল পর্তুগাল (১১), ইতালি (১৪) ও ইংল্যান্ড (২০) অবনমিত হয়েছে শীর্ষ দশের বাইরে। ফিফাডটকম।
গত মাসে কোনো ম্যাচ না খেলেও চার ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৬৩তম স্থানে।
ফিফা র্যাঙ্কিং সেরা ১০
রেটিং +/-
১ জার্মানি ১৭২৪ +১
২ আর্জেন্টিনা ১৬০৬ +৩
৩ হল্যান্ড ১৪৯৬ +১২
৪ কলম্বিয়া ১৪৯২ +৪
৫ বেলজিয়াম ১৪০১ +৬
৬ উরুগুয়ে ১৩৩০ +১
৭ ব্রাজিল ১২৪১ -৪
৮ স্পেন ১২২৯ -৭
৯ সুইজারল্যান্ড ১২১৬ -৩
১০ ফ্রান্স ১২০২ +৭