র্যাঙ্কিংয়ের তেলেসমাতি খেল!
কম ম্যাচ খেলে তাহলে ভালোই হয়েছে! নইলে তো আর এক লাফে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে যাওয়া যেত না। গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং তালিকাটা দেখার মতো ছিল। টেস্ট পরিবার-বহির্ভূত পাঁচটি দল আছে, অথচ বাংলাদেশ নেই। র্যাঙ্কিংয়ে ঢুকতে নির্ধারিত সময়ের মধ্যে কমপক্ষে ৮টি ম্যাচ খেলতে হয়। বাংলাদেশ অষ্টম ম্যাচটি খেলল গত পরশু। সেটিতে জিতে সরাসরি ৬ নম্বরে। চার ও পাঁচ নম্বরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া, তবে সেটি মাত্র ২ ও ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে!কেন-কীভাবে, তা একটা রহস্য বটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মীমাংসার জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির মতো অতটা দুর্বোধ্য হয়তো নয়, কিন্তু আইসিসির এই র্যাঙ্কিং নামে বস্তুটাও কম ধোঁয়াশা নয়। এটিকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটিও তাই আপেক্ষিক। নিজেদের পছন্দমতো হলে তখন এটি খুব ভালো লাগে। এখন যেমন লাগছে বাংলাদেশের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতেই র্যাঙ্কিংমতে বিশ্বের ৬ নম্বর সেরা দল হয়ে যাওয়াটা এই র্যাঙ্কিংয়ের যথার্থতা নিয়ে প্রশ্নটা আরও বড় করেই তুলছে।হ্যাঁ মানছি, শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি জয়েই হয়নি, গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টাও বড় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে। কিন্তু যে ৮টি ম্যাচের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় যেমন আছে, তেমনি পরাজয়ও আছে। ৮ ম্যাচের মাত্র ৩টিতে জয়, বাংলাদেশের সার্বিক টি-টোয়েন্টি রেকর্ডের কথা বিবেচনায় নিলে অবশ্য এটা ভালোই। এ পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ৬টিতে। ওই ছয় জয়ের চারটি আয়ারল্যান্ড (২ বার), জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো ‘বড়’ দলের বিপক্ষে জয় দূরের কথা, জয়ের সম্ভাবনাও জাগেনি কখনো। অথচ আইসিসির র্যাঙ্কিং আপনাকে বোঝাতে চেষ্টা করবে, নিউজিল্যান্ড ও ভারতের চেয়েও বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল!আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতেই এই অবস্থা। এই লেখা লিখছি তৃতীয় ম্যাচের আগে। এটিতেও যদি বাংলাদেশ প্রত্যাশিতভাবে জিতে যায়, এরপর হল্যান্ডে গিয়ে জেতে স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে—র্যাঙ্কিং আপনাকে বলবে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ভালো দল খুব কমই আছে! হঠাৎ করে বাংলাদেশকে ৬ নম্বরে আবিষ্কার করে আপ্লুত এক পাঠক কোথাও শোনা একটা তথ্য মিলিয়ে নিতে চাইলেন, এই সফরের বাকি তিনটি ম্যাচও জিতলে বাংলাদেশ নাকি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হয়ে যাবে!তা হয়তো হবে না, তবে হয়ে গেলে কিন্তু মন্দ হয় না। পরিসংখ্যানকে ‘আস্ত গাধা’ বলা হয়ে আসছে অনেক দিন থেকেই, র্যাঙ্কিংকে তখন বলতে হবে ‘গাধার বাবা’। বাংলাদেশের জন্যও ব্যাপারটা খুব প্রীতিকর হবে না। ওই যে হয় না, খারাপ ছাত্র কোনো না কোনোভাবে প্রথম বিভাগে পাস করে ফেললে রেজাল্ট বলতে লজ্জা পায়, এটিও হবে তেমনই একটা ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য তখন দাবি করতে পারে, আমরা যে এত দিন যথেষ্ট আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলিনি, এটা ছিল স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। খেলিনি বলেই তো র্যাঙ্কিং ছিল না, আর ছিল না বলেই তো আয়ারল্যান্ড-হল্যান্ডকে হারানোটাও এত বড় কৃতিত্ব বলে বিবেচিত হচ্ছে।এসব রসিকতা ধরে নিন। টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের সঙ্গে বেমানান র্যাঙ্কিংয়ের দায় তো আর বাংলাদেশের নয়, এটা র্যাঙ্কিং-পদ্ধতির দুর্বলতা। বাংলাদেশ দল বরং এটা ভেবে আত্মতৃপ্তি পেতে পারে, যে ম্যাচটা জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে পদার্পণ, সেটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্মরণীয়তম জয়ের মধ্যেই থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি জয়ের সঙ্গে তুলনা চলে না, তবে পরশুর ম্যাচে জয়ের মহিমা অন্য। এই জয় যত না ক্রিকেটীয় দক্ষতার, তার চেয়ে বেশি মানসিক শক্তির। বাংলাদেশের ব্যাটিং বলতে গেলে নাসিরের একক কৃতিত্বধন্য। এর বাইরে মুশফিক ও জিয়াউরের ছোট্ট দুটি ঝোড়ো ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আশরাফুলের। তবে রান যতই হোক, টি-টোয়েন্টিতে ৮২ স্ট্রাইক রেটের ইনিংসের এখন প্রশংসার বদলে সমালোচনাই বেশি জোটে। ১৪৬ খুব বেশি রান নয়। আয়ারল্যান্ডের ব্যাটিং শুরু হওয়ার পর সেটি আরও কম মনে হচ্ছিল। শেষ ৪ ওভারে হাতে ৭ উইকেট নিয়ে ৩০ রান করতে না-পারাটাকে ব্যর্থতাই বলতে হবে, তবে বাংলাদেশের হাল ছেড়ে না দেওয়ার মানসিকতাকে তাতে খাটো করা হয়। তামিম ইকবাল তো ম্যাচ শেষে দাবি করলেন, ১৭ ওভার শেষে আয়ারল্যান্ডের ৩ ওভারে ২৩ রান দরকার, তখনো সাকিব তাঁকে বলেছেন, ‘দেখিস, আমরাই জিতব।’ আপনি কী বলেছেন? তামিম স্বীকার করে নিলেন, ‘আমি বলেছি, হারব।’শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানকে নৈরাশ্য এমনই জড়িয়ে ধরে যে তামিমের উত্তরটা একটুও অবাক করার মতো নয়।