র্যাঙ্কিনের সামনে টেস্ট স্বপ্ন পূরণের হাতছানি
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ভালোমতো চেনাতে দেশই যখন বদলে ফেলেছেন, টেস্ট খেলার স্বপ্ন তো দেখবেনই বয়েড র্যাঙ্কিন। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপটিতে তাঁর পা পড়তে পারে আজই।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর গত বছর পর্যন্তও খেলেছেন জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে। কিন্তু ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই পেসার দল বদলে হয়ে গেছেন ইংল্যান্ডের। এরই মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেও ফেলেছেন। ২৯ বছর বয়সী পেসারের আগামী অ্যাশেজের ইংল্যান্ড দলে ডাক পাওয়ার সম্ভাবনাও এখন যথেষ্টই উজ্জ্বল। এই সিরিজের জন্য আজই ইংল্যান্ডের দল ঘোষণা করার কথা। র্যাঙ্কিনের নামটি ইংলিশ নির্বাচকদের মাথায় আছে ভালোমতোই। টিম ব্রেসনানের চোট তাঁর সম্ভাবনাটা আরও বাড়িয়ে তুলেছে। চোটের কারণে ব্রেসনান গত অ্যাশেজের শেষ টেস্টটি খেলতে পারেননি, বাইরে ছিলেন গোটা ওয়ানডে সিরিজেই।
ব্রেসনান অবশ্য সেরে ওঠার পথে। তবে ২১ নভেম্বর শুরু ব্রিসবেন টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না, এটা নিয়ে সংশয় রয়েই গেছে। ব্রেসনানের বিকল্প হিসেবে র্যাঙ্কিনের সঙ্গে আলোচনায় আছেন বেন স্টোকসও। তবে উচ্চতাটাই এগিয়ে রাখছে র্যাঙ্কিনকেই। অস্ট্রেলিয়ার শক্ত বাউন্সি উইকেটে এটি যে ব্যাটসম্যানের কঠিন পরীক্ষাতেই ফেলার কথা। ওয়েবসাইট।