র্যাঙ্কিংয়ের ৭৭৫ নম্বর খেলোয়াড়ের বিস্ময়কর চমক

অভাবনীয় ব্যাপারই বটে। বিশ্ব টেনিসের র্যাঙ্কিংয়ে যাঁর অবস্থান ৭৭৫-এ, তিনিই কিনা স্থান করে নিয়েছেন উইম্বলডনের মতো টেনিসের সবচেয়ে মর্যাদার আসরে!
ব্যাপারটা অভাবনীয় হলেও ব্রিটেনের ২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় মার্কাস উইলিস নিজের যোগ্যতাতেই এই অসাধ্যসাধন করেছেন। কোনো দিন এটিপির কোনো ট্যুর ম্যাচই খেলার অভিজ্ঞতা যাঁর হয়নি, নেই তিনি কিনা একেবারে উইম্বলডনের সবুজ ঘাসে! টেনিস–দুনিয়ার সবচেয়ে নামজাদা টুর্নামেন্ট দিয়েই পেশাদার সার্কিটে হতে চলেছে তাঁর অভিষেক, ভাবা যায়!
তিউনিসিয়ায় টেনিস প্রশিক্ষক হিসেবে কাজ করা উইলিস কিন্তু শরণাপন্ন হননি ওয়াইল্ড কার্ডের। সম্পূর্ণ নিজ যোগ্যতায় প্রাক্ ও মূল বাছাইপর্বের ৬টি কঠিনতম ম্যাচ জিতে পা রেখেছেন উইম্বলডনের প্রথম রাউন্ডে। তিনি এখন অপেক্ষায় উইম্বলডনের স্বপ্নপূরণের।
উইলিসের অবস্থান ব্রিটিশ র্যাঙ্কিংয়েই ২৩ নম্বরে। র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে আছেন, মূল বাছাইপর্বেও সরাসরি জায়গা মেলেনি। প্রথমে খেলেছেন প্রাক্–বাছাই। সেখানে তিন ম্যাচ জেতার পর মূল বাছাইয়ে জিতেছেন টানা তিনটি ম্যাচ।
বাঁহাতি এই টেনিস খেলোয়াড় এখন উইম্বলডনে যা-ই খেলুন, যা-ই ফল করুন, কমপক্ষে ৩০ হাজার পাউন্ড জয় তাঁর নিশ্চিত। প্রথম রাউন্ডের প্রাইজমানি যে এটাই। তবে চমকে দিয়ে প্রথম রাউন্ডে যখন যেতে পেরেছেন, উইলিস নিশ্চয়ই আরও বড় অঘটনের স্বপ্ন দেখছেন! সূত্র: এএফপি।