ল-ও বলেছিলেন জার্গেনসেনের কথা
বিদায়ী সংবাদ সম্মেলন করে বিসিবি অফিসের দিকে যাচ্ছিলেন স্টুয়ার্ট ল। পথে জানতে চাওয়া হলো, বাংলাদেশ দলের পরবর্তী কোচ হিসেবে কারও নাম প্রস্তাব করে যাবেন বোর্ডের কাছে? ল বললেন শেন জার্গেনসেনের নাম, ‘বোলিং কোচ হলেও শেন জার্গেনসেনের প্রধান কোচ হওয়ার যোগ্যতা আছে। বোর্ড আমার কাছে কোনো নাম জানতে চাইলে ওর কথা বলব।’যত দূর জানা গেছে, বাংলাদেশ ছাড়ার আগে বিসিবির কাছে জার্গেনসেনের জন্য সুপারিশ করে গিয়েছিলেন ল। কোচ হওয়ার পর ল-র হাত ধরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের চাকরি পান জ্যাসন সুইফট, পরে যাঁর বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ারও প্রবল ইচ্ছা জাগে। কিন্তু ল-র দৃষ্টিতে প্রধান কোচ হিসেবে সুইফটের চেয়ে জার্গেনসেনই ছিলেন যোগ্য।যৌক্তিক কারণেই স্টুয়ার্ট ল-র প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। জার্গেনসেন মূলত বিশেষজ্ঞ বোলিং কোচ। প্রধান কোচ হওয়ার জন্য আরও যেসব যোগ্যতা দরকার, তার সব নেই তাঁর মধ্যে। তবে এবার অনেকটা বাধ্য হয়েই জার্গেনসেনকে আপৎকালীন কোচ করতে হলো। রিচার্ড পাইবাস আর বাংলাদেশে ফিরতে রাজি না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন এই অস্ট্রেলিয়ান। ছুটিতে থাকা অবস্থায়ই খবরটা শুনে খুব খুশি জার্গেনসেন। এক বোর্ড কর্মকর্তাকে পাঠানো ব্যক্তিগত ই-মেইলে নাকি বিসিবির আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ছুটি কাটিয়ে ২৯ অক্টোবর ঢাকায় ফেরার কথা জার্গেনসেনের। তাঁর অধীনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন শিবির শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ নভেম্বর। এর আগে জাতীয় দলের খেলোয়াড়েরা খেলবেন জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ।ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ দলের জন্য যেমন চ্যালেঞ্জ, পরীক্ষা জার্গেনসেনের জন্যও। আট বছরের প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার উজ্জ্বল ছিল না কখনোই। খেলোয়াড়ি জীবনের চেয়ে বরং কোচিং জীবনেই পরিচিতি পেয়েছেন বেশি। বাংলাদেশ দলের সঙ্গে আছেন বছর দেড়েক হলো, চুক্তি অনুযায়ী থাকার কথা অন্তত আগামী বছরের জুন পর্যন্ত। তার আগে কোচিং ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই জার্গেনসেন কাটিয়েছেন নিউজিল্যান্ডে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলেরও বোলিং কোচ ছিলেন তিনি।জার্গেনসেনের সঙ্গে কাজ করার সুখকর অভিজ্ঞতা আছে জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজার। মাশরাফির সর্বশেষ ইনজুরি থেকে মাঠে ফেরা আর জার্গেনসেনের বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়া প্রায় একই সময়ে। তাই নিজের পুনর্বাসন-প্রক্রিয়ায় সঙ্গী হিসেবে মাশরাফি পেয়েছিলেন জার্গেনসেনকে। কাল টেলিফোনে ভারপ্রাপ্ত প্রধান কোচের প্রশংসা ঝরল মাশরাফির কণ্ঠে, ‘খুব ইতিবাচক মানসিকতার কোচ। সব সময় পজিটিভ চিন্তা করেন, চেষ্টা করেন খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে। আমার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রধান কোচ হিসেবেও তাঁর কাছ থেকে সেটা পাব।’প্রধান কোচ হিসেবে জার্গেনসেনকে খুব বেশি দিন পাওয়ার সম্ভাবনা অবশ্য কমই। জাতীয় দলের জন্য এখনো যে বড় নামের কোচ আনারই পক্ষে বাংলাদেশের ক্রিকেট-কর্তারা! নতুন বোর্ড সভাপতিও বলেছেন, অচিরেই একজন ভালো কোচের সন্ধানে নামবে বোর্ড। তবে সেই ভালো কোচ রিচার্ড পাইবাসের মতো ‘নামডাকে’র না হলেই ভালো। খুব কম চাকরিস্থলই আছে যেখান থেকে ভালোভাবে বিদায় নিয়ে আসতে পেরেছেন পাইবাস। এবার যোগ হলো বাংলাদেশও।অথচ বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহ শুরুতে পাইবাসই দেখিয়েছিলেন! সাবেক কোচ স্টুয়ার্ট ল বিদায় নেওয়ার সময় যেমন জার্গেনসেনের কথা বলেছিলেন, তেমনি বাংলাদেশ ছেড়ে গিয়েও উত্তরসূরি খুঁজে দিতে সাহায্য করেছেন বিসিবিকে। ই-মেইলে তিনিই জানিয়েছিলেন ডিন জোন্স বাংলাদেশ দলের কোচ হতে চান। বেকার পাইবাস যে নিজে থেকেই বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী, সেটাও জানান। চাকরি নেওয়ার আগে পাইবাসের দুই দিনের ঢাকা সফরের ব্যবস্থাও বিসিবি করেছিল ল-র প্রস্তাবে। পাইবাস ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যান এবং জাতীয় দলের কোচের চাকরি নেন।ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দায়িত্ব নেওয়ার শুরুর কথাটা তিনি যেভাবেই বলেন না কেন, স্টুয়ার্ট ল-র ই-মেইল কিন্তু এখনো মুছে যায়নি বিসিবি কর্মকর্তাদের অ্যাকাউন্ট থেকে।