ল-কে দেখেই কোচ নেবে শ্রীলঙ্কা
বিশ্বকাপের পর ট্রেভর বেলিস চলে যাওয়ায় শ্রীলঙ্কার প্রধান কোচের পদটি শূন্যই পড়ে আছে। শিগগিরই এই শূন্যতা পূরণও হচ্ছে না। শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি সোমাচন্দ্র ডি সিলভা জানিয়েছেন, কোচ নিয়োগ দেওয়া হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের পর।কোচ নিয়োগে শ্রীলঙ্কানদের এই বিলম্বের একটা কারণ হতে পারে, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া স্টুয়ার্ট ল-কে বাজিয়ে দেখা। বেলিস চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে তাঁরই সহকারী ল-কে। লর অধীনেই শ্রীলঙ্কা আগামী মে-জুনে ৩টি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও ৫টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড সফরে, সঙ্গে আছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ম্যাচও। ল তাঁর কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারলে পাকাপাকিভাবে দায়িত্বটা পাবেন তিনিই। ‘ইংল্যান্ড সফরে দলকে পরিচালনার জন্য আমরা তাঁকে সুযোগ দিচ্ছি’—বলেছেন ডি সিলভা।ল যদি পরীক্ষায় ফেল করে বসেন? সম্ভাব্য তালিকায় আছে আরও তিনটি নাম—শ্রীলঙ্কারই সাবেক কোচ টম মুডি, মুডির সহকারী ট্রেভর পেনি এবং ইংল্যান্ড ও গ্ল্যামরগনের সাবেক ব্যাটসম্যান ম্যাথু মেনার্ড। মাস দুই আগে বেলিস চলে যাওয়ার ইঙ্গিত দেওয়ার পরই বিজ্ঞপ্তি দেয় এসএলসি। নয়জন সাড়া দিলেও এসএলসি বাছাই করে পাঁচজনকে। এর মধ্যে ফোনে দুজনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এই নয়জনের একজন ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ জন বুকাননও! কিন্তু বুকাননের শর্ত এসএলসি মানতে পারেনি।কোচ নিয়োগের বিষয় তো গৌণ। বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের মধ্য দিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটে যে পরিবর্তনের হাওয়া বইছে, তাতে শ্রীলঙ্কার প্রথম টেস্ট খেলা ডি সিলভার অন্তর্বর্তী কমিটিই বিলুপ্ত হওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কমিটি ভেঙে দেওয়ার দাবি অনেক দিনের। কোচ বেলিসও চলে যাওয়ার সময় বলে গেছেন, শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে পরিবর্তন দরকার। কিন্তু ডি সিলভার অন্তর্বর্তীকালীন কমিটি ভেঙে দেওয়া হচ্ছে না।ডি সিলভাই বলেছেন, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন কমিটিই কাজ চালিয়ে যাবে। যদিও কত দিন, সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি। অন্তর্বর্তীকালীন কমিটি থেকে গেলেও নতুন নির্বাচক কমিটি পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিশ্বকাপের পরই সরে দাঁড়িয়েছে অরবিন্দ ডি সিলভার নির্বাচক কমিটি। ডি সিলভার উত্তরসূরি হিসেবে প্রধান নির্বাচক হচ্ছেন দিলীপ মেন্ডিস। ওয়েবসাইট।