ল বলছেন সমস্যা নেই
ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ টেস্টটা শুরু হয়েছিল গত বছরের ৪ জুন। ঠিক ১৪ মাস পর যখন আগামী ৪ আগস্ট থেকে বাংলাদেশ দল তাদের পরের টেস্টটি খেলতে শুরু করবে জিম্বাবুয়ের বিপক্ষে, একটু অস্বস্তি হওয়ারই কথা। কিন্তু স্টুয়ার্ট ল-র দর্শন ভিন্ন! ১৪ মাসের বিরতির মধ্যে সমস্যা না দেখে শুভ সম্ভাবনারই রসদ খুঁজছেন এই অস্ট্রেলিয়ান।‘টেস্টের মানসিকতা ভিন্ন। গত এক বছরে ওরা অনেক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। এটা ঠিক আদর্শ না হলেও আরেক দিক দিয়ে টেস্টে ফেরার উপলক্ষে এটাই ছেলেদের রোমাঞ্চিত করবে’—সফর-পূর্ব সংবাদ সম্মেলনে কাল বলেছেন বাংলাদেশ দলের নতুন কোচ। আর সবার মতো ল-র কাছেও টেস্টই আসল পরীক্ষা ক্রিকেটারদের। বিশ্বাস করেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সে পরীক্ষায় সফল হবে তাঁর নতুন ছাত্ররা, ‘আশা করি, ছেলেরা বিষয়টা সেভাবেই নেবে। নিজেদের ওপরে তোলার এটা একটা ভালো সুযোগ।’জিম্বাবুয়ে ছয় বছর পর নামলেও প্রত্যাবর্তন টেস্টটা যেহেতু খেলবে নিজেদের কন্ডিশনে, হারারে টেস্টকে ‘কঠিন টেস্ট’ই মনে করছেন বাংলাদেশ কোচ। গত কয়েক দিনের প্রস্তুতি ম্যাচ দেখে ক্রিকেটারদের সম্পর্কে ল-র মূল্যায়ন, ‘সমস্যা দক্ষতার নয়, মানসিকতার। টেস্টে এই মানসিকতা বদলাতে হবে। টেস্ট ক্রিকেটের সঙ্গে যায়, ব্যাটে এমন সুরই খুঁজে বের করতে হবে। সেটা হলে আমি নিশ্চিত, স্কোর বোর্ডে আমরা এমন রান জমাতে পারব, যাকে পুঁজি করে বোলাররা বল করতে পারবে।’ টেস্ট ব্যাটিং বলতে ধুম-ধাড়াক্কা ব্যাটিং না করাটাকেই বুঝিয়েছেন কোচ, ‘এক দিনে ৯০ ওভার আপনি কীভাবে ব্যাট করবেন সেটাই হলো চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে ১২০ ওভার ব্যাটিংয়ের লক্ষ্য ঠিক করেছি আমরা। সেটা করতে পারলে ছেলেরা যেভাবে খেলে, ৩৫০-এর বেশি রান করা কঠিন হবে না।’পেসাররাই বেশি আশা দিচ্ছেন কোচকে। রুবেল-শফিউলদের ফিটনেস নিয়ে তিনি খুব আশ্বস্ত, ‘তাদের সবাইকেই ফিট মনে হয়েছে। আমার দেখা বেশির ভাগ আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়েই বেশি ফিট ওরা।’ বাংলাদেশি স্পিনারদের ঠেকাতে জিম্বাবুয়ে নাকি এবার ঘাসের উইকেট বানাচ্ছে। পেসারদের সামর্থ্য দেখে সেটাকে সমস্যাই মনে করছেন না ল। সবুজ উইকেটের সুবিধা নেওয়ার সামর্থ্য বাংলাদেশের পেসারদের আছে বলেই বিশ্বাস করেন। আর ন্যাড়া উইকেট হলে তাঁর আশা ব্যাটসম্যানদের দক্ষতায়।সাকিব-তামিম কিংবা রুবেল-শফিউলরা পারবেন কোচের প্রত্যাশা মেটাতে? পারবেন ল-র শুরুটাকে স্মরণীয় করতে? পারলে ল-র একটা ধন্যবাদ তাঁরা নিশ্চয়ই পাবেন, যদিও নতুন কোচের দর্শন এখানেও ভিন্ন, ‘আমার নয়, ব্যাপারটা দলের। আমি চাই, ওরা যেভাবে খেলতে চায় সেভাবেই খেলুক। বেশ কয়েকবারই বলেছি, আমি এসেছি তাদের সাহায্য করতে। ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও আমি খেলোয়াড়দের সঙ্গে খোলামেলা কথা বলি। এটা আমার দল নয়, তাদের দল।’