ল-র আশা, ল-র উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অবশ্যই আমরা ম্যাচ বাঁচাতে পারি। উইকেটে যে দুজন আছে, ওরা যদি লম্বা সময় থাকতে পারে, যদি আমরা দুই-আড়াই সেশন ব্যাট করতে পারি, আমার বিশ্বাস, আমরা ম্যাচ বাঁচাতে পারব। ম্যাচ এখন পুরোপুরিই আমাদের নিয়ন্ত্রণে। কাল যত দ্রুত পারা যায় ম্যাচ শেষ করে দেওয়ার চেষ্টা করব আমরা।দুজনের কণ্ঠেই আশা। স্টুয়ার্ট ল যা বললেন, সেটা হলে অবশ্যই ম্যাচ বাঁচিয়ে ফেলবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ আজ দুই-আড়াই সেশন ব্যাট করবে—এটা বাংলাদেশ কোচ নিজেও বিশ্বাস করেন তো? আসলে মোহাম্মদ হাফিজ যা বললেন, সেটাই এখন বাস্তবতা। ম্যাচের ফলাফল নিয়ে সংশয় সামান্যই। শেষ দিনে প্রশ্ন একটাই—বাংলাদেশ কতক্ষণ টিকবে?অথচ তৃতীয় দিন শেষেও এই ম্যাচের সম্ভাব্য ফলাফলে সবার ওপরে ছিল ড্র। বাজে আবহাওয়ায় প্রথম তিন দিনে যত ওভার খেলা হয়নি, তাতে এই ম্যাচ কার্যত চার দিনের ম্যাচ হয়ে গেছে। সেই ম্যাচটিও কিনা অনায়াসে হারতে বসেছে বাংলাদেশ!তৃতীয় দিন শেষে বলা তৌফিক উমরের কথাগুলো কী দারুণভাবেই না সত্যি হলো! নিজেদের মন্থর ব্যাটিংয়ের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানি ওপেনার বলেছিলেন, ‘তাড়াহুড়োর কী আছে, আমাদের যে বোলিং আক্রমণ তাতে যেকোনো দলকে দু-তিন সেশনে গুটিয়ে দিতে পারি।’ যেকোনো দলকে পারে কি না, এ নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু বাংলাদেশকে যে পারলেও পারতে পারে, এটা তো এখন বোঝাই যাচ্ছে!পাকিস্তানের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন কালও উঠল। হাফিজও সপাটে বলে দিলেন, ‘এটা টি-টোয়েন্টি নয়, টেস্ট। এখানে দীর্ঘ সময় উইকেটে থাকা, ব্যাটিং-বোলিং পরিকল্পনা অনুযায়ী খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ছিল বড় একটা স্কোর গড়া, দেড় শর মতো লিড নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেওয়া। আমরা সেটা পেরেছি, বোলাররা দারুণ বোলিং করে পাঁচটি উইকেট তুলে নিয়েছে।’পাকিস্তানের বোলাররা দারুণ বোলিং করেছে, কিন্তু নিজেদের কাজটা ঠিকভাবে করতে না পারার দায় এড়াতে পারবেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে মাহমুদউল্লাহ যে শটটা খেললেন, সেটার নাম কী আর ব্যাখ্যাই বা কী! মাহমুদউল্লাহর ওই শট আর বাংলাদেশের ব্যাটসম্যানদের বারবার দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হওয়া, দুটিতেই ল-র ব্যাখ্যা একই, ‘আমি ওর সঙ্গে (মাহমুদ) কথা বলেছি। ওই শট সম্ভবত ওয়ানডে ক্রিকেটের ফসল। ওভারপ্রতি ৮-৯ রান তাড়া করতে হলে এটা ঠিক আছে, টেস্টে মোটেই নয়। আমরা খুব বেশি টেস্ট খেলতে পাই না। বড় দৈর্ঘ্যের ম্যাচ আরও বেশি খেলতে হবে। আমরা যত বেশি খেলি, ততই ভালো খেলতে থাকি। এই ম্যাচে যথেষ্ট লড়াই করেছি। দুর্ভাগ্যজনকভাবে সিরিজটা কালকেই শেষ হয়ে যাচ্ছে, আমরা কেবলই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে শুরু করেছিলাম।’সিরিজের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোচ হিসেবে তাঁরও আজ প্রথম মৌসুমের শেষ দিন। এই সময়ে বাংলাদেশ দল নিয়ে তাঁর অভিজ্ঞতা, ‘প্রথম দিন যা বলেছিলাম, এখনো বলছি, এ দেশে প্রতিভার অভাব নেই। সমস্যা মানসিকতায়, আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন এটা বোঝা। মাঠের বাইরে এটার প্রতিফলন দেখা গেলে ভেতরেও অনেক সহজ হয়ে যাবে। ক্যারিয়ারটাকে কেউ রুপার থালায় সাজিয়ে দেবে না। আমি চাই না এত এত প্রতিভার অপচয় হোক।’কোচ তো বুঝতে পেরেছেন, কিন্তু ওই ‘প্রতিভাবানরা’ কি বুঝতে পারছেন?