ল-র চোখে সবই ইতিবাচক
৫ উইকেটে ১৮৯। বাকি ৫ উইকেট নিয়ে ৩৬ ওভার ৩ বলে মাত্রই ৭০ রান দরকার ছিল জেতার জন্য। অথচ একাডেমি দল কি না ম্যাচটা হেরে গেল ৪০ রানে! কোনো কাজেই লাগল না শেষ ২৫.৩ ওভার।এই হারে একাডেমি দলের হতাশ হওয়ার কিছু নেই। দিন দুয়েক পরই জিম্বাবুয়ের বিমানে চড়তে যাওয়া জাতীয় দলকে যে পরাজয়ের শঙ্কায় ফেলা গিয়েছিল, সেটা বরং তাসামুল-আলাউদ্দিন বাবুদের সামর্থ্যেরই জানান দিচ্ছে। এমন ‘সহজ’ প্রতিপক্ষের বিপক্ষেও হারের আশঙ্কায় পড়ে যাওয়ায় উল্টো জাতীয় দলেরই উদ্বিগ্ন হওয়া উচিত—এখানেই এই অবস্থা, জিম্বাবুয়ে গেলে কী হবে?ম্যাচ শেষে প্রশ্নটাকে বলতে গেলে গুরুত্বই দিলেন না কোচ স্টুয়ার্ট ল। প্রস্তুতি ম্যাচ দেখে সামর্থ্য পড়েন না এই অস্ট্রেলিয়ান, ‘এটা প্রস্তুতি ম্যাচ এবং আমরা সেভাবেই ব্যাট করেছি। এটা যদি টেস্ট হতো আর আমরা ৭০ ওভারে অলআউট হয়ে যেতাম, তাহলে সমস্যা হতো। বৃষ্টি-টৃষ্টি মিলিয়ে এখানে কন্ডিশনটাও ছিল একটু কঠিন। আশা করি, জিম্বাবুয়ে গিয়ে ভালো আবহাওয়াই পাব।’ঢাকায় এসে অল্প যে সময়টা হাতে পেয়েছেন এবং তাতে নতুন ছাত্রদের যেমন দেখেছেন, সন্তুষ্টই মনে হচ্ছে নতুন কোচকে। দলের কারও কারও প্রতিভা এবং সামর্থ্য দেখে তিনি রীতিমতো রোমাঞ্চিত, রোমাঞ্চিত ফিল্ডিং কোচ জেসন সুইফটও। তা এই তিন-চার দিনে কি এমন ইতিবাচক দিক খুঁজে পেলেন কোচ? ‘ইতিবাচক তো অনেক কিছুই আছে। সত্যি বলতে কি, নেতিবাচক দিক খুব বেশি খুঁজেই পাইনি। ছেলেরা যেভাবে অনুশীলন করছে, খুবই উপভোগ করছি সেটা। দলটা অনেক পরিণত, অনেক উদ্দীপ্ত। সামর্থ্যও আছে যথেষ্ট’—বললেন কোচ।ইতিবাচক দিকগুলোর মধ্যে শাহরিয়ার নাফীসের ব্যাটিং আলাদাভাবেই চোখে পড়ার কথা কোচের। যদিও টেলিভিশনে আগেও অনেকবার দেখেছেন বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং, স্বীকৃতি দিয়েছেন ‘ভালো ব্যাটসম্যান’ বলেও। ব্যাটসম্যান শাহরিয়ারের মতো কোচকে আশাবাদী করছেন পেস বোলাররাও, ‘পেস বোলিং বিভাগটা যে রকম দেখলাম...আমি সন্তুষ্ট। তবে স্পিনারদের কাজটা এমন না যে মাঠে গিয়েই তারা উইকেট পেতে থাকবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে, ভিন্ন ভিন্ন ফিল্ডিংয়ে আপনি কীভাবে বল করলেন, কখন আক্রমণ করতে হবে আর কখন রক্ষণাত্মক হতে হবে, এসবও জানতে হবে তাদের।’ শুধু শাহরিয়ার নন, ল-র বিশ্বাস, তিন থেকে ছয় মাসের মধ্যে উন্নতির চিহ্ন ফুটিয়ে তুলতে পারবেন সবার দক্ষতাতেই।কুঁচকির সমস্যার কারণে নতুন কোচের সঙ্গে এখনো অনুশীলন করা না হলেও আলাপ-আলোচনা হয়েছে। সেই আলোচনা আশার বীজ বুনছে সহ-অধিনায়ক তামিম ইকবালের মধ্যে, ‘নতুন কোচ তাঁর আইডিয়া আমাদের সঙ্গে ভাগাভাগি করছেন। সবাই আগ্রহ নিয়ে সেসব শুনছে, কোচ যেভাবে বলছেন সেভাবে করতেও চাইছে। করলে কেমন হবে সেটা পরে বুঝতে পারব। তবে শুনে মনে হচ্ছে পরিকল্পনাগুলো ভালো।’ নতুন কোচকে পেয়ে যেমন আশাবাদী, তামিম আশার জাল বুনছেন দরজায় কড়া নাড়তে থাকা জিম্বাবুয়ে সফরটা নিয়েও। তাঁর বিশ্বাস, গত দেড় মাসের কঠোর পরিশ্রমকে যদি পারফরম্যান্সে অনুবাদ করা যায়, তাহলেই ছক্কা! জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের সাফল্য ঠেকাতে পারবে না কেউ!তবে সবার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হবে তামিমকেও। কাউন্টি ক্রিকেট থেকে বয়ে আনা কুঁচকির সমস্যা এখনো পুরোপুরি যায়নি। আজ স্ক্যান করালে বোঝা যাবে সর্বশেষ অবস্থাটা। নতুন ফিজিও বিভব সিংয়ের বরাত দিয়ে তামিম অবশ্য জানালেন, যত দিন যাচ্ছে ততই সমস্যা কেটে যাচ্ছে।শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারির রেলিং টপকে কাল বিকেলে যেভাবে লাফ দিয়ে মাঠে নামলেন তামিম, সুস্থ হয়ে ওঠার লক্ষণটা সুস্পষ্টই।