ল-র মন্ত্র, ভালো ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম ঠিকই বলেছেন। বাংলাদেশ এখন আর সেই জায়গায় নেই যে সম্মানজনক হারের জন্য খেলবে। ভেতরে ভেতরে জয়ের আশা ডালাপালা নাড়ে প্রতিটি সিরিজেই। গত দেড় বছরে ওয়ানডেতে তা পূরণও হচ্ছে নিয়মিত। পাকিস্তান সিরিজ তাহলে বাদ থাকবে কেন? অন্তত একটা ম্যাচ জেতার আশা তো গোপনে হলেও থাকতে পারে এই সিরিজে!২০১০ সালের জুলাই থেকে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে সাতটি, এর মধ্যে শুধু গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেই জয় আসেনি। গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্য সফর, এরপর নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাওয়া গেছে ম্যাচ জয়ের স্বাদ। দুটো জয় ছিল গত বিশ্বকাপেও।পাকিস্তান বড় দল, ইদানীং আছে উত্তুঙ্গ ফর্মে—এই বাস্তবতার মধ্যেও যখন কাল সংবাদ সম্মেলনে স্টুয়ার্ট ল-কে মনে করিয়ে দেওয়া হলো, জয় তো এখন নিয়মিতই পাচ্ছে বাংলাদেশ, নড়েচড়ে বসলেন কোচ। কঠিন এক সিরিজের সামনে দাঁড়িয়ে একটু আশাবাদীও কি হলেন? ‘হ্যাঁ, আমরা এখানে হারতে নামছি না। লড়াই করতে পারব না, এমন মানসিকতাও নেই। পরিকল্পনা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেললে যেকোনো কিছুই সম্ভব।’সম্ভব। কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ খুব ভালো করেই জানেন সেটা যে এত সহজ হবে না। পাকিস্তানকে হারাতে হলে ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না স্টুয়ার্ট ল, ‘সিরিজটা কঠিনই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা সিরিজ খেলে এসেছে তারা। আমরা জানি, পাকিস্তানকে হারাতে হলে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’ সেটা যত কঠিনই হোক, কোচ চান ভালো খেলার আত্মবিশ্বাসটা যেন থাকে দলের মধ্যে।সাকিব আল হাসান বলছেন, সেই আত্মবিশ্বাস তাঁদের আছে। তবে আগে থেকে আশার ফানুস ওড়ানোর পক্ষে নন সাবেক অধিনায়ক। জয়ের সর্বোচ্চ চেষ্টাটাই তাঁরা করবেন সন্দেহ নেই, তবে তিনি চান পাকিস্তান সিরিজ নিয়ে যেন ক্রিকেটপ্রেমীরা অতিরিক্ত প্রত্যাশার জাল না বোনে, ‘এই সিরিজ নিয়ে দর্শক-সমর্থকদের তেমন আশাবাদী না হওয়াই ভালো। তাই বলে এমন না যে আমরা চেষ্টা করব না। আমরা সামর্থ্যের শেষবিন্দু দিয়ে চেষ্টা করে যাব, তাতে কোনো সন্দেহ নেই। জয়ের আশা নিয়েই খেলব। তবে মানুষ যেন এই আশাটা বেশি না করে।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজ বাংলাদেশ শুরু করেছিল টি-টোয়েন্টি ম্যাচ জিতে। আর এবারের সিরিজ শুরু হলো টি-টোয়েন্টিতেই বাজে একটা হার দিয়ে। পরশুর ৫০ রানের হারটা অবশ্য খুব অস্বাভাবিক ঠেকছে না স্টুয়ার্ট ল-র কাছে, ‘টি-টোয়েন্টিতে পাকিস্তান খুব ভালো দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দলটা, ফাইনাল খেলেছে একাধিকবার। আমাদের চেয়ে তাই অনেকটাই এগিয়ে তারা।’ তবে যদি-কিন্তুর সমীকরণে যেকোনো ম্যাচে যে কারোর জেতার সম্ভাবনা থাকে। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটাতেও তাই ছিল বলে মনে করেন কোচ, ‘যদি আগে ব্যাট করে আমরা ১৩০-৪০ রান করতে পারতাম এবং পরে ভালো বল করতাম, পাকিস্তানকে হয়তো আটকে দেওয়া যেত।’পাকিস্তানের করা ১৩৫ রানও অনতিক্রম্য ছিল না মোটেও। ব্যাটসম্যানদের ব্যর্থতার সঙ্গে ৮৫ রানে অলআউটের একটা কারণ মনে করা হচ্ছে উইকেটের ধরনকেও। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কতটা আদর্শ উইকেট দেওয়া হয়েছিল, উঠেছে সে প্রশ্ন। স্টুয়ার্ট ল-ও সেটা বলছেন, বলছেন মাঠকর্মীদের পাশে দাঁড়িয়েই, ‘গত তিন সপ্তাহে এখানে যে পরিমাণ খেলা হয়েছে...মাঠকর্মীদের পরিশ্রমটা বুঝতে পারছি। আমরা যে রকম আশা করেছিলাম, সে রকম উইকেট পাইনি।’ আশা পূরণ করতে পারেননি ব্যাটসম্যানরাও। ওই উইকেটেই আরও ভালো ব্যাটিং সম্ভব ছিল বলে মনে করেন কোচ।ওয়ানডেতে কি কোচের এই অতৃপ্তি দূর করতে পারবেন ব্যাটসম্যানরা? সিরিজ-প্রতি অন্তত একটা ম্যাচ জেতার ধারা ধরে রাখতে সেটা যে খুব জরুরি!