লংকানদের জন্য অপেক্ষা করছে ‘শর্টবল’: স্টেইন
ডেল স্টেইন আগেই সতর্ক করে রাখছেন লঙ্কান সিংহদের। সতর্কবার্তাটা হলো এবারের দক্ষিণ আফ্রিকা সফরে নাকি তাদের অনেক শর্ট বল মোকাবিলা করতে হবে। আজ বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞতাটা একেবারেই কম। নয় বছর আগে কোনো সিরিজে অংশ নিতে শেষবারের মতো দক্ষিণ আফ্রিকা গিয়েছিল শ্রীলঙ্কা। বর্তমান দলের খুব কম খেলোয়াড়েরই প্রোটিয়া ভূমির শক্ত ও বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে, যা আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে শ্রীলঙ্কান দলের একটা বিরাট দুর্বলতাও।শ্রীলঙ্কানদের দুর্বলতার ব্যাপারটি ঠিকই বুঝেছেন, হালের অন্যতম সেরা প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার খেলোয়াড়েরা উপমহাদেশের নিচু হয়ে যাওয়া ও ধীর গতির উইকেটে অভ্যস্ত। সেখানে বল একেবারে ব্যাটের ঠিক জায়গায় লাগে। তবে এবারের সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা লঙ্কান ব্যাটসম্যানদের ব্যাটের এমন জায়গায় বল লাগাব, যাতে তাঁরা অভ্যস্ত নন।’এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে খেলছেন ভারলন ফিলান্ডার। ফিলান্ডারের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কানদের দুর্বলতাকে আরও প্রকটভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবে বলেও মনে করেন স্টেইন।ফিলান্ডার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্টে ১৪ উইকেট নিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন। অভিষেকেই সিরিজ সেরা হয়ে বুঝিয়ে দিয়েছেন, কেবল অস্ট্রেলীয়দের নয়, ক্রিকেট বিশ্বের অন্য দলগুলোরও নাকের পানি চোখের পানি এক করতে প্রস্তুত তিনি।ফিলান্ডার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টেইন বলেছেন, দলের ভেতর আমরা ফিলান্ডারকে ‘ভেরন ম্যাকগ্রা’ বলে ডাকি। সে এমন এক বোলার, যাঁর সঙ্গে নতুন বল শেয়ার করাটা খুবই আনন্দের। সে ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বল করতে ওস্তাদ।তার পরও শ্রীলঙ্কা দল সম্পর্কে শ্রদ্ধা রয়েছে স্টেইনের। তিনি বলেন, ‘যতই বলি এই উইকেটে খেলতে তারা অভ্যস্ত নয়। যতই বলি, তারা সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কিন্তু আমাদের মনে রাখতে হবে, শ্রীলঙ্কা কিন্তু ভালো একটি দল। কেউ জানে না, তারা কখন জ্বলে উঠবে। এই জ্বলে ওঠাটাই ঠেকানো আমাদের কাজ।’ ওয়েবসাইট।